প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৫ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১ পিএম
সুপার ফোরে উঠতে মরিয়া হয়েই ব্যাট চালিয়েছে আফগানিস্তান। চেষ্টার কোনো ত্রুটি না থাকলেও ৩৭.১ ওভারে ২৯২ রানের বিশাল স্কোর ছুঁতে পারেননি আফগানরা।
এখানেই অবশ্য সব শেষ হয়ে যায়নি। সুপার ফোরে ওঠার আরও একটি সুযোগ ছিল আফগানিস্তানের সামনে। ৩৭.১ ওভারের শেষের ৩ বলে দরকার ছিল একটি ছক্কা। ৬ রান হলে স্কোর হতো ২৯৫। আর এটা হলে আফগানিস্তান উঠে যেত এশিয়া কাপের সুপার ফোরে। আর শ্রীলঙ্কা পুড়ত হৃদয় ভাঙার কষ্টের আগুনে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো! আফগানরা করছেন আফসোস। লঙ্কানরা মেতে আছেন ২ রানে পাওয়া জয়ের উৎসবে।
কিন্তু শেষের সমীকরণটা জানা ছিল না শেষ মুহূর্তে ক্রিজে থাকা আফগান ক্যাপ্টেন রশিদ খানের। তার জানা ছিল কেবল ৩৭.১ ওভারে ২৯২ রান করতে হবে। ৩৮তম ওভারের চতুর্থ বলে ছক্কা মারলেও মিলত সুপার ফোরের টিকিট। কিন্তু সেটা না জানার কারণে ৩৭.১ ওভার শেষে লক্ষ্য ছুঁতে না পেরে হতাশ হয়ে ব্যাট ধরে ক্রিজে বসে পড়েন রশিদ। তার মতো শেষের আরেক ব্যাটার ফজলহক ফারুকিও ভেবেছিলেন সব হয়ে গেছে ৩৭.১ ওভারেই
রশিদ নিজে শেষের সমীকরণটা জানতেন না। ড্রেসিংরুম থেকে তাকে জানায়নি কেউ। ভুলটা আসলে আফগান টিম অ্যানালিস্টের। তিনি ব্যাপারটা দলকে জানালে ফল অন্যরকম হলেও হতে পারত। আর ছক্কা হলেই ম্যাচ জয়ের সঙ্গে নেট রান গড়েও শ্রীলঙ্কাকে পেছনে ফেলত তারা এবং কোয়ালিফাই করত সুপার ফোরে।
এ ভুলের মাশুল গুনেই আফগানিস্তান ম্যাচ হেরেছে। বিদায় নিয়েছে এশিয়া কাপ থেকে। কিন্তু এখন তো সব শেষ! সন্দেহ নেই এ আক্ষেপ দীর্ঘদিন পুড়িয়ে যাবে আফগানদের।