প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৬ এএম
লাহোরের গভর্নর হাউসে তারার মেলাই বসেছিল গত সোমবার রাতে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, বাবর আজম, শাহিন আফ্রিদি থেকে শুরু করে দাসুন শানাকা, রশিদ খান… কে ছিলেন না সেখানে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত এক নৈশভোজে সেদিন এক ছাদের নিচে এসে হাজির হয়েছিলেন এশিয়ার শীর্ষ ক্রিকেটাররা।
ভারত আর নেপালের ম্যাচ চলছিল তখন, নাহয় হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা, রোহিত পোড়েল, সন্দীপ লামিচানেদেরও দেখা মিলত সেখানে। তবে ভারতীয় ক্রিকেট দল না গেলেও সেখানে হাজির ছিলেন ভারতীয় বোর্ডপ্রধান রজার বিনি।
সে অনুষ্ঠানে বাংলাদেশ দলের সব ক্রিকেটার হাজির ছিলেন। সেখানে অধিনায়ক সাকিব আল হাসানের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
এবারের এশিয়া কাপ দিয়ে প্রায় ১৫ বছর পর ক্রিকেটের বহুজাতিক কোনো টুর্নামেন্ট ফিরেছে পাকিস্তানের মাটিতে। এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতেই মূলত গত সোমবার রাতে এই নৈশভোজের আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।