প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম
কাতারে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি— টুইটার
আরোধ্য বিশ্বকাপ ট্রফিও উঁচিয়ে ধরেছেন। সব পাওয়া লিওনেল মেসি এবার ফুটবল উপভোগ করতে ইউরোপ ছেড়ে এসেছেন যুক্তরাষ্ট্রে। সমর্থকদের চাপ থেকে অনেকদূর এসেও তিনি দাপুটে পারফর্ম করছেন। তাতেই প্রায়ই ওঠা প্রশ্নটি আরও জোরালো হয়েছে, ‘মেসি কি আরেকটি বিশ্বকাপে খেলবেন?’ কার্লোস তেভেজ চাপের বিষয়টিই টেনেছেন। আর্জেন্টিনার তারকা মনে করছেন, ঠিক সেই কারণেই মেসি বিশ্বকাপ খেলবেন না।
মেসির ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে তেভেজ বলেছেন, ‘আমি এটা মনে করি না। বিশ্বকাপ এগিয়ে আসতে থাকলে সে বুঝতে পারবে যে জিনিসগুলো আর আগের মতো নেই। সে যদি বিশ্বকাপে খেলে, তাহলে তার কাছে মানুষের চাহিদা থাকবে ২০ বছর বয়সী খেলোয়াড়ের মতোই। আমি মনে করি, এ কারণেই মেসি খেলবে না।’

মেজর লিগ সকারে যাওয়া নিয়েও কথা বলেছেন তেভেজ। সেখানে মেসি সুখে আছেন বলে ভালো লাগছে তার, ‘লিও ভালো আছে আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সে গোল করেই বুঝিয়ে দিচ্ছে। পরিবার নিয়ে মেসি মিয়ামিতে সুখে আছে। পরিবার ও ফুটবলকে একীভূত করার আনন্দটা সে উপভোগ করছে।’