প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম
প্রথমবারের মতো কিউইদের নেতৃত্ব দেবেন পেসার ফার্গুসন— টুইটার
বিশ্বকাপের আগে এক সপ্তাহে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। নিয়মিত অনেক তারকাকেই সিরিজে পাঠাবে না নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানদের বিপক্ষে সিরিজের জন্য পূর্ণ শক্তির দলের বিপরীতে দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে কিউইরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লকি ফার্গুসন। শনিবার ঘোষিত দলে নেই টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টরা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাকে পর্যবেক্ষণ করছে এনজেডসি।
আরও পড়ুন : দাপুটে জয়ের পর জোকোভিচ জানালেন, ‘ফুরিয়ে যাননি’
এছাড়া সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে মার্ক চ্যাপম্যান ও ছুটি নিয়েছেন জিমি নিশাম। ওয়ানডে দলে একজন নতুন মুখ ডিন ফক্সক্রফট। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। সেবারও তারা এসেছিল দ্বিতীয় সারির দল নিয়ে।
আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।