প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৩ পিএম
ভারতের এশিয়া কাপ দলে যুজবেন্দ্র চাহালের জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপেও তাকে দলে রাখার সম্ভাবনাই বেশি। তবে কোনো কারণে এশিয়া কাপে পারফর্ম করতে না পারলে সুযোগ মিলতে পারে চাহালের। অবশ্য তেমনটি মনে করেন না অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ। তার মতে, বিশ্বকাপে রোহিতের ট্রাম্পকার্ড হতে পারেন কুলদীপ।
২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়ার পর আইপিএল মাতিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন কুলদীপ। যা নিয়ে তাকে প্রশংসা করে হগ বলেন, ‘এই বছর আইপিএলে দুর্দান্ত ছিল সে। খেলার বাইরে থাকাকালীন অ্যাকশন নিয়ে কাজ করেছে সে। এখন বলের ওপর আরও নিয়ন্ত্রণ পাচ্ছে এবং ড্রিফ্টও করছে।’
‘আমি মনে করি রোহিত ওকে ভালোভাবে কাজে লাগাবে। কারণ সে একজন যোদ্ধা। বিশ্বকাপে সে বড় ভূমিকা রাখবে। আমি হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে খেলাতাম।’
এ ছাড়া বিশ্বকাপে ভালো করতে চাপের মুহূর্তে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও লোকেশ রাহুলকেও অধিনায়ক রোহিতকে সমর্থন দেওয়া উচিত বলে মনে করেন হগ।