× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ২২:৩২ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ২২:৪৬ পিএম

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

সর্বনাশটা নিজেদের ইনিংসের মাঝপথেই হয়ে গিয়েছিল। লড়াকু পুঁজির পথটা রুদ্ধ হয়ে গিয়েছিল তো ওই শুরুর ৩০ ওভারেই! বাংলাদেশের ইনিংসটা যখন শেষ হলো ১৬৪ রান তুলে, ম্যাচের সম্ভাব্য ফলাফলটা তখনই আঁচ করা যাচ্ছিল।

এরপরও জিততে হলে বোলারদের অভাবনীয় কিছুই করতে হতো। শুরুর দিকে বোলাররা তা করে আশাও দেখিয়েছিলেন, কিন্তু ওই যে! ১৬৪ রান নিয়ে কতটুকুই বা কী করা যায়! গেলও না শেষমেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হারই সঙ্গী হলো সাকিব আল হাসানের দলের। 

টস জিতে সাকিব নিয়েছিলেন ব্যাট করার সিদ্ধান্ত। টস রিপোর্টে নিখাদ ব্যাটিং ট্র্যাক বললেও উইকেটটা যে আদতে তা ছিল না, তা টের পাওয়া গেল ম্যাচ শুরুর পরে। তবে বাংলাদেশ ব্যাটিংয়ে যে মুখ থুবড়ে পড়েছে, তার কারণ ওই উইকেট ছিল না, ব্যাটারদের বেশিরভাগই যে নিজেরাই উইকেট ছুঁড়ে দিয়ে না হয় পাতা ফাঁদে পা দিয়ে সাজঘরমুখো হয়েছিলেন!

ব্যতিক্রম ছিল অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর সাকিবকে বিদায় করা দুটো বল। তানজিদের রানের খাতা খোলার আগে বিদায় হয়েছিল মাহিশ থিকশানার দারুণ এক ক্যারম বলে এলবিডব্লিউ হয়ে। পাওয়ারপ্লের ঠিক পরের ওভারে সাকিবের ইনিংসে যবনিকা টেনে দিয়েছিল মাথিশা পাথিরানার করা দারুণ গতির অফ স্টাম্পের বাইরের বল, তার ব্যাটের কোণায় লেগে তা চলে যায় উইকেটরক্ষকের কাছে।

এর বাইরে ব্যাটাররা তো একরকম আত্মাহুতিই দিয়েছেন! সবার চেয়ে আলাদা ছিলেন নাজমুল হোসেন শান্ত। টু পেসড উইকেটে কী করে খেলতে হয়, তার একটা প্রদর্শনীই দেখিয়েছেন তিনি, সেঞ্চুরিটা হয়নি, তবে তার ৮৯ রানের ইনিংসের মাহাত্ম্য অন্য জায়গায়, বাংলাদেশের স্কোরবোর্ডটাকে যে মোটামুটি রকম ভদ্রস্থ করেছে তা! তিনি বাদে বাকি সবাই মিলে তুলেছেন মোটে ৭৫, তাতে বাংলাদেশ আটকে চায় স্রেফ ১৬৪ রান তুলতেই। 

এই পুঁজি নিয়ে লড়তে হলে শুরুতেই উইকেট প্রয়োজন ছিল। তাসকিন আহমেদের কল্যাণে তা পায় বাংলাদেশ, তিনি ফেরান দিমুথ করুনারত্নেকে। এর পরের ওভারে শরিফুল ইসলাম ফেরান পাথুম নিশাঙ্কাকে। ১৫ রানে ২ উইকেট খুইয়ে লঙ্কানরা তখন প্রমাদ গুণছে বিপদের। পাওয়ারপ্লে শেষের আগে সাকিব আল হাসান যখন ফেরালেন কুশল মেন্ডিসকে, তখন তো আরও বেশি!

তবে লঙ্কানরা সে বিপদ থেকে পরিত্রাণ পায় সাদিরা সামারাবিক্রমা আর চারিথ আসালঙ্কার ব্যাটে চড়ে। দুজনেই পেয়েছেন ফিফটি। তাতেই জয়টা দেখছিল স্বাগতিকরা। তবে ১২১ রানে সামারাবিক্রমাকে শেখ মেহেদি ফিরিয়ে দিলে আশা জাগে বাংলাদেশ শিবিরে। পরের ওভারে ধনাঞ্জয়া ডি সিলভাকে যখন ফেরালেন সাকিব, তখন আশার পালে লাগে আরও জোর হাওয়া।

তবে তা উবে যায় অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে আসালঙ্কার জুটিতেই। দুজনের অপরাজিত ৩৭ রানের জুটিতে ভর করেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বিস্তারিত আসছে...

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা