প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৪:০৯ পিএম
বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার সময় জর্দি আলবার চোখের জল বাঁধ মানছিল না। সার্জিও বুসকেটস সেটি দেখেই আবার হাসি থামাতে পারছিলেন না। ক্লাব থেকে দুজনের বিদায়ের ধরন দুই রকম হলেও এখন দুই বন্ধু খেলছেন ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকার। আলবার দুই কাছের বন্ধু বুসকেটস ও সার্জিও রামোস কদিন আগেই তুলে রেখেছেন স্পেনের জার্সি। এবার সেই পথে হাঁটলেন ৩৪ বর্ষী আলবা।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ৩৪ বছরেই স্পেনের জার্সি তুলে রাখতে চান গত দশকের অন্যতম এই তারকা লেফটব্যাক। জাতীয় দল ছাড়লেও ক্লাব ফুটবলে খেলা অবশ্য চালিয়ে যাবেন স্পেনের সাবেক বনে যাওয়া অধিনায়ক।
আরও পড়ুন : এবার জোড়া গোলে রাত রাঙালেন রোনালদো
স্পেনের জার্সিতে ৯৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৩৪ বর্ষী আলবা। ২০১১ সালে অভিষেকের পর এখন পর্যন্ত গোল করেছেন ৯টি। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনবার ইউরো এবং একবার অলিম্পিকেও খেলেছেন সবশেষ নেশনস লিগ জেতা তারকা। ২০১২ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জেতার অন্যতম সদস্যও ছিলেন আলবা। জিতেছেন ২০২৩ সালে উয়েফা নেশনস লিগও।