প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ০৯:৪৬ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১১:৪০ এএম
টানা দ্বিতীয় হ্যাটট্রিক করার সুযোগ ছিল, ছিল ক্যারিয়ারের ৮৫০ গোলের মাইলফলক ছোঁয়ার সুযোগ। তবে এমন দুটি মাইলফলকের কোনোটিই ছোঁয়া হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে তবু বড় জয় পেয়েছে তার দল আল নাসর। দুই হারের পর টানা দ্বিতীয় জয়ে টেবিলেও ৬ নম্বরে উঠেছে রিয়াদের ক্লাবটি।
মঙ্গলবার রাতে লিগের ম্যাচে আল আওয়াল পার্কে আল শাবাবকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আল নাসর। রোনালদোর ২টি গোল এসেছে হ্যাটট্রিক থেকে। ম্যাচের তৃতীয় পেনাল্টি দিয়ে দিলেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে। তবে সেটি থেকে গোল করতে পারেননি ঘারিব। এদিন একবার করে জালের দেখা পান সাদিও মানে ও সুলতান আল ঘানাম।
ঘরের মাঠে বিরতির আগেই তিনবার গোলের উল্লাস করে আল নাসর। আল শাবাব পুরো ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি। ৭৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এভার বানেগাকে।
দুবার নতুন এই উদযাপন করেছিলেন রোনালদো
১৩ মিনিটের মাথায় স্পট-কিক থেকে প্রথমবার নিশানা ভেদ করেন রোনালদো। আল শাবাবের ডি-বক্সে ওতাভিওর ক্রসে বল হাত্তান বাবরির হাতে লাগায় রেফারি স্পট-কিকের বাঁশি বাজিয়েছিলেন। ৫ মিনিট পর সিআর সেভেন খ্যাত তারকা হেড করে আবার গোল করলেও ফাউলের কারণে তা বাতিল হয়। যদিও ভিএআরের সাহায্যে নেওয়া সিদ্ধান্তটিতে বিতর্কের অবকাশ রয়েছে। ৩৮ মিনিটে আরেকটি সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
৩ মিনিট পর সাদিও মানে লক্ষ্য ভেদ করলে চালকের আসনে বসে আল নাসর। রোনালদোর পাসে স্লাইড করে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। দ্বিতীয়ার্ধেও একই রকম দাপট দেখায় স্বাগতিকরা। ৬২ মিনিটে ম্যাচে তৃতীয় পেনাল্টি পায় তারা। টানা দুই হ্যাটট্রিকের সুযোগ থাকলেও রোনালদো বল তুলে দেন আবদুলরহমান ঘারিবকে। তবে ঘারিব শট নিতে ব্যর্থ হন।
৬৭ মিনিটে রোনালদো আরেক দফা জাল খুঁজে নিলেও তা বাতিল হয় অফসাইডের কারণে। ৮০ মিনিটে ঘানামের গোলে স্কোরলাইন ৪-০ করে আল নাসর।