প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২০:২১ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২১:০৩ পিএম
সংবাদমাধ্যমের মুখোমুখি না হওয়ায় শাস্তি পেতে পারেন, তবে কী শাস্তি পাবেন মেসি—জানায়নি এমএলএস
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে বদলি নেমেছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে অভিষেকের দিনটি রাঙিয়েছিলেন দুর্দান্ত একটি গোলে। ইন্টার মিয়ামির হয়ে শেষ সময়ের সেই গোলটিই এনে দিতে পারে যুক্তরাষ্ট্রের ফুটবলে প্রথম ব্যক্তিগত পুরস্কার। এ ছাড়া এমএলএসের সপ্তাহের সেরা দলে বদলি খেলোয়াড়ের তালিকায় আছেন মেসি। এতসব পাওয়ার দিনে আরেক কাণ্ড ঘটিয়ে বসেছেন মেসি। যার জেরে শাস্তিও জুটতে পারে।
লিগে জয়ে ফেরার দিনে মিয়ামি শেষ পর্যন্ত ম্যাচটি জেতে ২-০ গোলে। রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে মেসির জন্য অপেক্ষা করছিল সাংবাদিকরা। মেসি সতীর্থদের সঙ্গে উদ্যাপন করে মাঠ থেকে চলে যান।
লিগের নিয়ম অনুয়ায়ী, ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য সব খেলোয়াড়কেই তৈরি থাকতে হবে। সংবাদমাধ্যম যার সঙ্গে কথা বলতে চাইবে, তারই কথা বলতে হবে।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য মেসিকে যখন ডাকা হয়, ইন্টার মিয়ামির মুখপাত্র মলি ড্রেসকা কর্তৃপক্ষকে জানান, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য মেসি নেই! প্রথম ব্যক্তিগত পুরস্কার ‘গোল অব দ্য ম্যাচ ডে’-এর জন্য মনোনীত হওয়া মেসি তাই প্রথমবার শাস্তিও পেয়ে যেতে পারেন! নিয়ম ভাঙার জন্য তবে কী ধরনের শাস্তি হতে পারে মেসির, তা এখনও জানায়নি এমএলএস।