প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৪:২০ পিএম
ইবাদত হোসেনের চোটে দলে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ তানজিম হাসান সাকিব। দেরিতে ডাক পাওয়ায় পুরো দলের সঙ্গে যেতে পারেননি তিনি। ফলে সোমবার (২৮ আগস্ট) ঢাকা ছেড়েছেন সাকিব। তবে সোমবারও দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন দাস। জ্বর না কমায় তাকে আপাতত ঢাকায় থাকতে হচ্ছে।
রবিবার দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল লিটন দাসের। তবে জ্বরের কারণে যাওয়া হয়নি তার। তখন বলা হয়েছিল জ্বর কমলে সোমবার ঢাকা ছাড়বেন এই ক্রিকেটার। জ্বর না কমায় সোমবারও তার শ্রীলঙ্কায় যাওয়া হলো না।
বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, লিটনের ডেঙ্গু ও কোভিড টেস্ট করা হয়েছে। দুই পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে। অন্যান্য পরীক্ষার ফলও ঠিক আছে। ধারণা করা হচ্ছে, আগামী তিন দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন তিনি।
আগামীকালের মধ্যে লিটন শ্রীলঙ্কায় যেতে না পারলে এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে তৈরি হবে শঙ্কা। যদি তিনি যেতে না পারেন তাহলে বিকল্প কাউকে ভাবা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। সেক্ষেত্রে সাইফ হাসান ও জাকির হাসানের মধ্যে যে কেউ সুযোগ পাবেন এশিয়া কাপের দলে।