প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১২:২৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১২:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখার পর থেকে ইন্টার মিয়ামিকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন মেসি। দলের হয়ে প্রতি ম্যাচেই দেখা মিলছে তার। দলের জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামের প্রয়োজন রয়েছে আর্জেন্টাইন মহাতারকার। ইতোমধ্যেই যার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন দলটির কোচ টাটা মার্টিনো। যা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানেই জানা গেছে তিনটি ম্যাচে মেসির সার্ভিস পাচ্ছে না ইন্টার মিয়ামি।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরপর দলের ব্যবধান দ্বিগুণ করে নিশ্চিত করেন জয়। যা নিয়ে মার্টিনো বলেন, ‘লিও ছাড়া দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। প্রতিক্রিয়া সত্যিই সন্তোষজনক ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই জয়ের তাৎপর্য উপলব্ধি করা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অবশ্যই বাস্তবতা মানতে হবে, লিও তার জাতীয় দলে যোগদান করবে। এই বছর অন্তত তিনটি ম্যাচে তার অনুপস্থিতি অনুভব করা হবে, এবং একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে পারে আগামী বছর। আমাদের বোঝা উচিত যে তিনি উপস্থিত না থাকলে দলকে অবশ্যই তার নির্ভরযোগ্যতা ধরে রাখতে হবে।’
আগামী ৭ এবং ১২ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনার জাতীয় দল। সেখানেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির। ফলে এমএলএসে অন্তত দুটি ম্যাচ মেসিকে পাবে না দল। বিশেষ করে স্পোর্টিং কেসির বিপক্ষে ৯ সেপ্টেম্বরের ম্যাচ ও ১৬ সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ।
এরপর অক্টোবরেও আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে আলবিসেলেস্তেদের। আগামী ১২ ও ১৭ অক্টোবর প্যারাগুয়ে এবং পেরুর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে এমএলএসের শেষ দিকে ফের মেসিকে পাবে না ইন্টার মিয়ামি। মেসি না থাকায় দল ও গ্যালারিতেও এর প্রভাব পড়বে নিশ্চিতভাবেই।
বিষয়টি মেনে নিয়ে মার্টিনো বলেন, ‘মেসিকে অ্যাকশনে দেখতে ভক্তদের আগ্রহ আমি পুরোপুরি বুঝতে পারি। আমরা যেখানেই যাই সেখানেই এই ঘটনাটি প্রকাশ পাবে। যা হোক, আমাদের অবশ্যই পরিকল্পনাকে অটলভাবে মেনে চলতে হবে, কারণ এটি থেকে সরে আসা লিওর শারীরিক সুস্থতার সাথে আপস করতে পারে। সমর্থকদের কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই; তবুও, আমি তাদের প্রত্যাশার প্রশংসা করি। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি ছাড়া, মেসি অবশ্যই আসন্ন দুটি ম্যাচে অংশ নেবেন। এটা খুবই সম্ভব।’