প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১০:৩৫ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১১:১১ এএম
২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারার ব্যর্থতার পরও ইতালি ফুটবল দলের প্রধান কোচের পদটা আগলে রেখেছিলেন রবার্তো মানচিনি। অবশেষে চাকরি ছাড়লেন। গত দুই সপ্তাহ নানা গুঞ্জনের পর সৌদি আরব ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন তিনি। ২০২৭ সাল পর্যন্ত তার অধীনেই মাঠে নামবে সৌদি আরব। বছরে আড়াই কোটি ইউরো পারিশ্রমিকে এই কোচকে নিজেদের করেছে সৌদি আরব।
ইতালিতে মানচিনি অধ্যায়টা অবশ্য দুই রকম ছিল। ২০১৮ বিশ্বকাপের পর দায়িত্ব নিয়ে ইতালিকে ২০২০ ইউরো শিরোপা জেতান তিনি। সে সময় ৩৭ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়েছিল দলটি। পরে সেই দলটিই কি না জায়গা হারায় কাতার বিশ্বকাপে। এর পরও তার ওপর আস্থা রেখেছিল ইতালির ফুটবল ফেডারেশন। স্বপ্ন দেখছিল ২০২৪ ইউরোর।
তবে তার আগেই ইতালির ফুটবলের পাট চুকিয়ে ফেলেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে মানচিনি বলেন, ‘আমি ইউরোপে ইতিহাস গড়েছি। এবার সৌদির হয়ে ইতিহাস গড়ার সময়।’
এদিকে সৌদি আরবের ফুটবলে লেগেছে পালাবদলের হাওয়া। দেশটির প্রো লিগকে জনপ্রিয় করে তুলছে দেশটি। লক্ষ্য জাতীয় পর্যায়ের হয়েও সাফল্য বইয়ে আনা। সে লক্ষ্যেই ইতালির এই খ্যাতনামা কোচকে নিয়োগ দিয়েছে তারা।