প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২১:১৩ পিএম
দীর্ঘ ফুটবল জীবনে ভক্তদের কাছ থেকে কেবল ভালোবাসা আর প্রশংসাই পেয়েছিলেন মেসি। ভুলেই গিয়েছিলেন মুদ্রার উল্টো পিঠও আছে। সেই উল্টো পিঠটা মেসি দেখেছেন প্যারিসে গিয়ে। পিএসজিতে প্রথমে রাজসিক অভ্যর্থনা পেলেও সেই চিত্র পাল্টাতে সময় লাগেনি। দুই বছরেই মেসির প্রয়োজনীয়তা ফুরিয়েছে পিএসজিতে। শেষ দিকে নিয়মিতই মেসিকে ক্লাব থেকে বাদ দিতে বিক্ষোভ করেছে দলটির সমর্থকরা। মেসির মতো নেইমারকে নিয়েও ক্ষুব্ধ ছিল পিএসজি সমর্থকরা। অবশেষে দুজনই ক্লাব ছেড়েছে। দলটির সমর্থকরাও তাই আনন্দিত। শনিবার (২৬ আগস্ট) পিএসজির ম্যাচেও দেখা গেছে সেই চিত্র।
পার্ক দে প্রিন্সেসে এদিন নেইমারকে বিক্রি করে দেওয়ায় পিএসজির ওপর খুশি প্রকাশ করে দলটির সমর্থকরা বিশাল এক ব্যানার নিয়ে হাজির হয়েছিল। যেখানে লেখা ছিল, ‘নেইমার : অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।’
একই দিন পিএসজি সমর্থকদের রোষানলে পুড়তে হয়েছে এমএলএসে অভিষেক হওয়া মেসির। দলকে এমএলএসে জয় এনে দেওয়ার দিন পিএসজি সমর্থকরা তিরস্কার জানিয়েছেন মেসিকে। মাঠের বাইরে নেইমারের মতো একই ধরনের ব্যানার হাতে দাঁড়ান পিএসজি সমর্থকরা। যেখানে লেখা ছিল, ‘মেসি : অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে’।
যুক্তরাষ্ট্রের ফুটবলে অবশ্য সময়টা বেশ উপভোগই করছেন মেসি। ইন্টার মিয়ামিতে নাম লেখানোর পর থেকে একের পর এক গোল করে চলেছেন দলটির হয়ে। দলকে এরই মধ্যে জিতিয়েছেন লিগস কাপ শিরোপা। ইউএস ওপেন কাপের ফাইনালে নিয়ে গেছেন দলকে। এখন লড়ছেন এমএলএসে দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে। অন্যদিকে আল-হিলালে নাম লিখিয়েছেন নেইমার। অপেক্ষায় আছেন সময়টাকে নিজের করে নিতে।