প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৫:৫৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৯:১৫ পিএম
নারী বিশ্বকাপ ফাইনালের পর এই চুম্বনের ঘটনা নিয়েই চলছে বিতর্ক। ছবি : সংগৃহীত
নিজেদের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের বিষয়ে জেনি হারমোসোর
মন্তব্যের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে স্পেনের নারী দলের বিজয়ের
পর ফরোয়ার্ড হারমোসোকে ঠোঁটে চুম্বনের ঘটনায় রুবিয়ালেসের পদত্যাগের দাবিও উঠেছে। যদিও
তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, চুম্বনের ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত,
পারস্পরিক, উচ্ছ্বসিত ও সম্মতিসূচক। রুবিয়ালেস এও দাবি করেন, ভুয়া নারীবাদিরা তাকে হত্যা
করার চেষ্টা করছে।
যদিও জেনি হারমোসো শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন, চুম্বনে
তার মোটেও সম্মতি ছিল না। এ ঘটনায় তিনি নিজেকে অরক্ষিত ও আগ্রাসনের শিকার হিসেবে অনুভব
করেছেন।
মূলত বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের এই মন্তব্যের জেরেই ক্ষেপেছে
ফেডারেশন। শনিবার এক ভোরে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, রুবিয়ালেসকে রক্ষার জন্য তারা
আইনি ব্যবস্থা নেবে এবং তারা দেখিয়ে দেবে হারমোসো ও তার পক্ষে কথা বলা লোকেরা ঘটনা
সম্পর্কে মিথ্যা বলছে।
তবে ফেডারেশনের ওয়েবসাইটে আইনি পদক্ষেপ কী হতে যাচ্ছে -সে
বিষয়ে কিছু বলা হয়নি।
তবে বোর্ডকে পাশে না পেলেও স্প্যানিশ সরকার হারমোসোর প্রতিই
সমর্থন জানিয়েছে। রুবিয়ালেসকে বরখাস্ত করতে না পারলেও তার কর্মকাণ্ডের তীব্র নিন্দা
করেছে এবং আইনি প্রক্রিয়া ব্যবহার করে তাকে বরখাস্ত করার প্রক্রিয়াও শুরু করেছে।
ঘটনার দিন থেকেই স্পেনের বিশ্বকাপজয়ী পুরো নারী স্কোয়াডকেও
পাশে পেয়েছেন হারমোসো।
ফুত্রোর (নারী খেলোয়াড়দের সংগঠন) মাধ্যমে জাতীয় দলের ২৩ জন
ফুটবলার ও অন্য আরও শীর্ষ পর্যায়ের ৩২ নারী ফুটবলার এক বিবৃতিতে জানিয়েছে, রুবিয়ালেস
ফেডারেশনের প্রেসিডেন্ট থাকাকালীন তারা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না।
সূত্র : দ্য গার্ডিয়ান