বলছেন ডি ভিলিয়ার্স
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৩:৪২ পিএম
বিরাট কোহলি, শ্রেয়াশ আয়ার এবং লোকেশ রাহুল— ভারতের হয়ে চার নম্বরে কে সবচেয়ে বেশি ফিট, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন একটি জিজ্ঞাসা জমেছে। কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা ভারত দলে চার নম্বরে কে ধরবেন হাল, সেই বিষয়টি জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের মতে, কোহলির বদলি কেউ সেখানে নেই।
নিজের ইউটিউব চ্যানেলে সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘ভারতের চার নম্বর ব্যাটার কে হবে তা নিয়ে এখনো কথা বলছি। সম্ভবত বিরাট সেই জায়গাটা নিতে পারে বলে শুনেছি। জোরালোভাবেই আমি এটার পক্ষে। বিরাট চার নম্বরের জন্য নিখুঁত। তিনি ইনিংস জোড়া লাগাতে পারেন। মিডল অর্ডারে যেকোনো ধরনের ভূমিকা পালনে সক্ষম। এটি তাকে ব্যাটার হিসেবে নিখুঁত করে তোলে।’
তবে কোহলির কোর্টেও বল ঠেলেছেন ভিলিয়ার্স, ‘তিনি চার নম্বরে ব্যাটিং করতে চান কিনা, আমি জানি না। আমরা জানি তিন নম্বরে নামতে তিনি ভালোবাসেন। এই পজিশনে প্রচুর রান করেছেন। তবে দিন শেষে দলের প্রয়োজনে যদি নির্দিষ্ট ভূমিকা পালন করতে হয়, তাহলে আপনাকে হাত বাড়িয়ে তা গ্রহণ করতে হবে।’