প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:২৫ পিএম
রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ কিছু করবেন জুড বেলিংহাম— এমন বিশ্বাসের প্রমাণ দিতে খুব বেশি সময় নেননি ইংলিশম্যান। গোল করছেন, করাচ্ছেন, দলকে জেতাচ্ছেন। বুন্দেসলিগার তারকা লা লিগাতে এসেও দেখাচ্ছেন দাপট। ছাপিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। টানা তিন ম্যাচে গোল করে দলকেও জেতালেন।
বেলায়দোস স্টেডিয়ামে গতকালের রাতটাও ছিল বেলিংহামের। দুহাত শূন্যে ছড়িয়ে উদযাপনের উপলক্ষ্যও এসেছিল। আর সেই এক গোলেই সেল্টা ভিগোকে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালও পেয়েছে তাতে টানা তিন জয়, উঠেছে টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতেই ম্যাচের সেরা হয়েছেন বেলিংহাম।
রিয়ালের টানা ৩ জয়ের পথে বেলিংহাম করেছেন ৪ গোল। এটা ইতিহাসও বটে। টানা ম্যাচে গোল করার কৃতিত্বে বেলিংহাম ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসার পর টানা ৩ ম্যাচে ৪ গোল করে হইচই ফেলে দেন সিআর সেভেন। অভিষেকের পর এমন কীর্তি গতকাল ছুঁয়েছেন বেলিংহামও।
বল দখল, গোলে শট ও আক্রমণের আধিপত্য দেখানো ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকে দুদলের। বেশকিছু সুযোগ তৈরি করতে পারলেও জালের দেখা পায়নি রিয়াল। স্বাগদিক ভিগোর স্ট্রাইকাররাও ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। ড্রয়ের পথে যখন খেলা তখন আবারও রিয়ালের ত্রাতা হন বেলিংহাম।
ইংলিশম্যানের গোলে এগিয়ে যায় রিয়াল। বাকি সময় আর কোন দল গোল না করতে পারলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বেলিংহামরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা। দুই ও তিনে ৬ পয়েন্ট নিয়ে রায়ো ভায়েকানো ও ভ্যালেন্সিয়া। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।