প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১১:৪৩ এএম
ক্রিকেটে খেলোয়াড়দের নিলাম দেখা যায় হরহামেশাই। কিন্তু ফুটবলে এমন কিছু অন্তত বাংলাদেশে দেখা যায় না। আজ শনিবার হতে যাচ্ছে সেটাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের এলিট একাডেমির ১০ ফুটবলারকে তুলতে যাচ্ছে নিলামে।
আরও পড়ুন : সৌরভের চোখে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে যে ১৫ জন
দেশের ফুটবলে এর আগে কখনোই খেলোয়াড় নিলাম হয়নি। এবারও হতো না, যদি এলিট একাডেমির ফুটবলারদের জন্য একাধিক ক্লাব আগ্রহী না থাকত। সে কারণেই একাডেমির ১০ ফুটবলারকে আজ নিলামে তুলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ বেলা ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসবে এই নিলাম। এর কার্যক্রম পরিচালনা করবে কে স্পোর্টস।
খেলোয়াড়দের জন্য আগ্রহী ক্লাব তিনটি হলেও আজকের এই নিলাম সব ক্লাবের জন্যই উন্মুক্ত থাকছে। নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ মূল্য দিতে পারলে তবেই সে খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে ক্লাবগুলো। এই অর্থের একটা অংশ জমা পড়বে বাফুফের ফান্ডে।
নিলামের আগে খেলোয়াড়দের ভিত্তিমূল্য ঠিক করে দিয়েছে বাফুফে। ১০ খেলোয়াড়কে দুটি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে থাকা ছয় খেলোয়াড়ের ভিত্তিমূল্য ৫ লাখ টাকা। এই ক্যাটাগরিতে থাকা ফুটবলাররা হলেন- মিরাজুল ইসলাম, আজিজুল হক অনন্ত, মোহাম্মদ আসিফ, সাজেদ হাসান জুম্মন, চন্দন রায় ও আসাদুল মোল্লা। বি ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৪ লাখ টাকা। এই ক্যাটাগরির চার ফুটবলার হলেন- সিরাজুল ইসলাম রানা, রুবেল শেখ, ইমরান খান ও সুমন সরেন।
শুরুতে ডাকা হবে বি ক্যাটাগরির ফুটবলারদের নিলাম। এরপর হবে ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এ ক্যাটাগরির খেলোয়াড়দের নিলাম। শুরুতে ১২ খেলোয়াড়কে এই নিলামে তোলার কথা ছিল বাফুফের। তবে দুই খেলোয়াড়ের বয়স ১৬-এর কম হওয়ার কারণে তাদেরকে নিলামে তোলা হয়নি।
বাফুফে এলিট একাডেমির দলটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলে থাকে। গেল আসরের রানারআপও দলটি। খেলোয়াড় বিক্রির পর চ্যাম্পিয়নশিপ লিগে খেলার মতো খেলোয়াড় থাকবে কি না, এ নিয়ে প্রশ্ন ছিল বেশ। তবে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান আতাউর রহমান মানিক জানান- পর্যাপ্ত খেলোয়াড় আছে, তার ওপর শিগগিরই আনা হবে নতুন ব্যাচ; যার ফলে খেলোয়াড়ের ঘাটতি থাকবে না এলিট একাডেমির। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নশিপ লিগ খেলার মতো ফুটবলার আমাদের আছে। নতুন খেলোয়াড়ের খোঁজ আমরা শুরু করে দিয়েছি। খুব শিগগিরই এলিট একাডেমিতে নতুন ব্যাচ আনা হবে।’