× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুযোগটা ছিল বসুন্ধরারও!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ২০:১৪ পিএম

সুযোগটা ছিল বসুন্ধরারও!

এএফসি কাপে নিজেদের প্রতিপক্ষ কারা কারা, সেটা আবাহনী-মোহনবাগান ম্যাচের পরপরই জেনে গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল দুপুরে জেনে গেল ম্যাচগুলোর দিনক্ষণও। তবে খানিকটা আফসোসের জায়গা তৈরি হলো এর কিছুক্ষণ পর। এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র হয়েছে, সেখানে দেখা গেল নেইমারের আল হিলাল পড়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে একই গ্রুপে। যে কারণে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেইমারের আসতে হবে পড়শি দেশ ভারতে। এ সুযোগটা যে ছিল বসুন্ধরার সামনেও!

আরও পড়ুন - বিশ্বকাপে বাটলারকে নিয়ে ক্যালিসের বাজি

এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো দল খেলেছে চ্যাম্পিয়নস লিগে। তবে বসুন্ধরার সামনে সুযোগ ছিল আরও বড় কিছু অর্জনের। প্রথম জয় তুলে নেওয়ার, প্রথমবারের মতো গ্রুপ পর্বে খেলারও। তবে শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরে সে স্বপ্ন আর পূরণ হয়নি কোচ অস্কার ব্রুজনের দলের।

বসুন্ধরা খেলেছে প্রিলিমিনারি রাউন্ডে। তার ঠিক একধাপ ওপর থেকে খেলতে হয়েছে সৌদি প্রো লিগের দল আল নাসরকে। বসুন্ধরার সামনে কিসের হাতছানি ছিল, তা নিশ্চয়ই এখন আঁচ করতে পারছেন?

বসুন্ধরা শারজাহকে হারাতে পারলে প্লেঅফে খেলত ট্রাক্টর এফসির সঙ্গে, যে ট্রাক্টরকে পরে শারজাহ হারিয়েছে হেসেখেলেই। সে বাধা উতরে গেলে জায়গা হতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। 

সেটা হলে কী হতো, তা গতকাল দেখিয়েছে মুম্বাই সিটি এফসি। আইএসএল লিগ শিল্ড জেতার কারণে তারা সরাসরি খেলছে চ্যাম্পিয়নস লিগে। তারা গতকাল প্রতিপক্ষ হিসেবে পেয়ে গেছে নেইমারকে। পেয়ে গেছে আল হিলালের অ্যাওয়ে ম্যাচ তাদের আতিথ্য দেওয়ার সুযোগও। 

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যেতে পারলে বসুন্ধরা কিংসের সামনেও আসতে পারত এই সুযোগ। ড্র থেকে নেইমারের আল হিলাল, ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর কিংবা করিম বেনজেমাদের আল ইত্তিহাদের কোনো একটা দলকেও পেয়ে যেতে পারত বিপিএল চ্যাম্পিয়নরা। সেটা হলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বসত তারার হাট। 

সেটা হয়নি, তাই এএফসি কাপেই খেলতে হচ্ছে বসুন্ধরাকে। সেখানে তাদের সামনে চেনা সব প্রতিপক্ষ। আইএসএল চ্যাম্পিয়ন ভারতের মোহনবাগান সুপার জায়ান্টস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস আর ভারতের ওড়িশা এফসি। 

এ বছর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ হাত ফসকে বেরিয়ে গেছে। তবে সুযোগটা আগামী বছরও আসতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সামনে। 

আসছে বছর থেকে বদলে যাচ্ছে এএফসির টুর্নামেন্টগুলোর ফরম্যাট। চ্যাম্পিয়নস লিগ হবে দুটো- এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট আর টায়ার-২ নামে; আর এএফসি কাপের নাম বদলে হয়ে যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ। ক্লাব কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বিপিএলের চ্যাম্পিয়ন দলকে খেলতে হবে চ্যালেঞ্জ কাপে। তবে এবার বসুন্ধরা গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে খেলে ফেলতে পারলে আগামী বছর দ্বিতীয় স্তরের বাছাই পর্বে খেলার সুযোগ আসতে পারে আবার। বসুন্ধরা কিংস নিশ্চয়ই সেটাই করতে চাইবে।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের সূচি

১৮/১৯ সেপ্টেম্বর : মাজিয়া-বসুন্ধরা কিংস

২/৩ অক্টোবর : বসুন্ধরা কিংস-ওড়িশা

২৩/২৪ অক্টোবর : মোহনবাগান-বসুন্ধরা কিংস

৬/৭ নভেম্বর : বসুন্ধরা কিংস-মোহনবাগান

২৭/২৮ নভেম্বর : বসুন্ধরা কিংস-মাজিয়া

১১/১২ ডিসেম্বর : ওড়িশা-বসুন্ধরা কিংস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা