প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৯:২৬ পিএম
বিশ্বকাপের দামামা বাজার মাসদেড়েক আগে থেকেই চলছে ভবিষদ্ব্যণী। সৌরভ গাঙ্গুলি, এবি ডি ভিলিয়ার্স, মুত্তিয়া মুরালিধরন সহ সাবেক বেশ কিছু তারকা বেছে নিয়েছেন বিশ্বকাপে সেরা চার। সেই পথে উল্টো হেঁটেছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডর জ্যাক ক্যালিস। বিশ্বকাপে শেষ চার বাছার বদলে ক্যালিস বাজি ধরেছেন জশ বাটলারকে নিয়ে। বলেছেন, ইংলিশদের অধিনায়ক অন্য সবার চেয়ে আলাদা হবেন।
ভারতে ইংল্যান্ডের দুর্দান্ত বিশ্বকাপ হবে জানিয়েছেন ক্যালিস। উপমহাদেশের কন্ডিশনে বাটলারের ব্যাট কচুকাটা করবে প্রতিপক্ষ বোলারকে। আইসিসির ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে ক্যালিস দাবি করেছেন রোহিত-কোহলিদের মাটিতে বসা বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন বাটলার।
‘আমার মনে হয়, বাটলার হবেন সর্বোচ্চ রান সংগ্রাহক। বাইরের হলেও ভারতের কন্ডিশনে ইংল্যান্ড দারুণ বিশ্বকাপ কাটাবে। বিশ্বকাপে অন্য সবার চেয়ে বাটলার বেশি দুর্দান্ত থাকবেন বলে মনে হচ্ছে।’ বলেছেন ক্যালিস।
প্রোটিয়া কিংবদন্তির মতে, ভারতের কন্ডিশনে বাটলার ভালো করবেন। কিন্তু পরিসংখ্যানের খাতা বলছে বাটলারের বিপক্ষে কথা। রোহিত শর্মাদের দেশে আটটি একদিনের ম্যাচ খেলেছে বাটলার। ১১.৮৫ গড়ে সাকুল্যে ব্যাট হাতে এনেছেন ৮৩ রান। সর্বোচ্চ ইনিংস ৩১! তবে ব্যাটার হিসেবে ওয়ানডেতে বাটলার দুর্দান্ত। ইংলিশদের জার্সিতে ১৬৫ পঞ্চাশ ওভারের ম্যাচ খেলা উইকেটরক্ষক ব্যাটারের রান ৪৬৪৭। প্রায় ৪২ গড়ে রান করা বাটলারের আছে ১১টি শতক এবং ২৪টি অর্ধশতক। এমন ব্যাটারকে নিয়েই বাজি ধরছেন ক্যালিস।