প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১১:৩৭ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১২:২৬ পিএম
সিরিজ বাঁচানো ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডে জয়ের খুব কাছেই ছিল আফগানরা। ম্যাচ জিততে শেষ ২ ওভারে পাকিস্তানের করতে হতো ২৭ রান। কিন্তু ৪৯তম ওভারে এসে আবদুল রহমান ১৬ রান খরচ করলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় আফগানরা। পরে শেষ ওভারের রোমাঞ্চ শেষে ১ বল হাতে রেখে জয় তোলে পাকিস্তান। জয়ের খুব কাছে গিয়েও এমন হারে কষ্ট পেয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তার মতে, ৪৯তম ওভারেই ম্যাচ হেরে গেছে তার দল।
শেষ ওভারে ম্যাচ নিজেদের করতে সব রকম চেষ্টাই করেছিলেন আফগান বোলার ফজলহক ফারুকি। প্রথম বলেই মানকাড আউট করে সাজঘরে ফেরান ভয়ংকর রূপ ধারণ করা শাদাব খানকে। পাকিস্তান সমর্থকরা এ আউটে বেশ ধাক্কাই খেয়েছিল। তবে উইকেটে নামা নাসিম শাহকে খুব একটা বিচলিত মনে হলো না। আগের ম্যাচে অপরাজিত ১৮ রান করে তার ভালো ব্যাটিংয়ের কৃতিত্ব নাসিম দিয়েছিলেন আফগান বোলারদের। সেটাই যেন এ ম্যাচে আরও একবার করে দেখালেন নাসিম। উইকেটে এসেই ৪ হাঁকালেন। এরপর নার্ভ ধরে রেখে সিঙ্গেল নিয়ে পঞ্চম বলে ৪ ফের হাঁকিয়ে ভাগিয়ে নিলেন ম্যাচ। ১ বল হাতে রেখে ম্যাচে জয় পেল পাকিস্তান। সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ২-০তে।
জয়ে সব কৃতিত্ব বাবর তার দলের প্রতিটি সদস্যকে দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন সব মনোযোগ এখন শেষ ম্যাচে, ‘সব কৃতিত্ব ছেলেদের। আমি এবং ইমাম যখন খেলছিলাম তখন আমরা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছি, লম্বা সময় উইকেটে থাকতে চেয়েছি এবং ৪০ ওভারের পরে আমরা কোথায় গিয়ে দাঁড়াই তা দেখতে চেয়েছি। জানতাম শেষ ১০ ওভারে আমরা ৮০ বা ৯০ রান তাড়া করতে পারব। সংকটময় পরিস্থিতিতেও ম্যাচ দারুণভাবে নিজেদের করে নিয়েছে নাসিম। আমাদের সব মনোযোগ এখন শেষ ম্যাচে।’
স্কোরবোর্ডে ভালো রান থাকার পরও ম্যাচ হারায় বোলারদের ওপর দায় চাপিয়ে শহিদি বলেন, ‘এটা কষ্টের, কারণ আমাদের যথেষ্ট রান ছিল কিন্তু শেষ মুহূর্তে তারা আমাদের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়েছে। ৪৯তম ওভারে ব্যাটসম্যানের কাছে কিছু সহজ বল ছিল এবং তারা তা কাজে লাগিয়েছে। আমাদের ওপেনাররা দেড় বছর ধরে খুব ভালো খেলছে। আমি চাই তারা একইভাবে খেলুক। দুটোই ভালো দিক। তবে এ ম্যাচে আমরা চাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না।’