প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৫:০৭ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৫:৪১ পিএম
শেষ কিছু দিনে তিন ফরম্যাটের ক্রিকেটেই দলের পেস ইউনিটের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন ইবাদত হোসেন। তবে সেই তাকে এশিয়া কাপে পাচ্ছে না বাংলাদেশ। হাঁটুর চোটের কারণে তাকে এশিয়া কাপের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
২৯ বছর বয়সী এই ফাস্ট বোলার গত আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট পান, যা থেকে সেরে ওঠার জন্য রিহ্যাব করানো হয় এরপর থেকেই। শেষ কিছু দিনে বল হাতে অনুশীলনও করেছেন। তবে তা আশানুরূপ নয়। তাই বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না বিসিবি।
তার বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানান, 'সেই চোটের পর থেকে ইবাদত ছয় সপ্তাহের রিহ্যাবের মধ্য দিয়ে গেছে। এ সময় তার একাধিক এমআরআই আমরা করিয়েছি। তবে রিপোর্টে দেখা যাচ্ছে, এসিএল এখনও পুরোপুরি সেরে ওঠেনি, আরও ম্যানেজমেন্ট দরকার। সে কারনে সে এশিয়া কাপে খেলতে পারছে না।'
বিসিবির সে বিবৃতিতে জানা যাচ্ছে, বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি ফিট হিসেবে পেতে যা করণীয় তাই করতে চায় বোর্ড। প্রয়োজনে বিদেশেও পাঠাতে চাইছে বিসিবি।
এদিকে এশিয়া কাপের দলে ইবাদতের জায়গায় এসেছেন তানজিম হাসান সাকিব। ৩৭টি লিস্ট এ ম্যাচে তিনি শিকার করেছেন ৫৭ উইকেট। সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও তিনি খেলেছেন ৩ ম্যাচে, নিয়েছেন ৯ উইকেট।