নারী ফুটবল বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১০:৩৮ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১১:২২ এএম
সমালোচনার পারদ জমে ছিল। পুরুষ বিশ্বকাপের সমান প্রাইজমানি এবং দল বাড়িয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে উঠেছিল কথা। ম্যাড়মেড়ে কিংবা দর্শকহীন বিশ্বকাপ হতে যাচ্ছে বলেও কেউ কেউ মন্তব্য করেছিলেন। কিন্তু ঘটল উল্টো। আসর তো বটেই, বিশ্বকাপের ফাইনালে দর্শকসংখ্যা গড়েছে আলাদা রেকর্ড।
সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১-০ গোলে হারায় স্পেন। ওলগা কারমোনার একমাত্র গোলে নতুন চ্যাম্পিয়ন হয় স্পেন। ওই ম্যাচটিতে গ্যালারিতে কানায় কানায় পূর্ণ ছিল দর্শক। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রায় ২০ লাখ দর্শক মাঠে গিয়ে উপভোগ করেছেন শিরোপার মহারণ।
ফিফা কোচ জিওভান্নি ইনফান্তিনো ফাইনালের আগে অবশ্য এটা নিয়েই আফসোস করেছিলেন। দল বাড়ানোয় বেড়েছিল ম্যাচ। শঙ্কা ছিল কিছু দলে বড় ব্যবধানে হারের। ফল যদিও হয়েছে উল্টো। ২০১৯ সালের বিশ্বকাপে যেখানে প্রতি ম্যাচে গড় দর্শক ছিল ২১ হাজার ৭৫৬ জন, সেখানে এবার ৩০ হাজার ৯১১ জন।
মাদ্রিদের রাস্তায় লা রোজাদের শিরোপা উল্লাস— টুইটার
আগের বিশ্বকাপের তথ্য বিশ্লেষণ করে ফিফা ধারণা করেছিল, ১৫ লাখ টিকিট বিক্রি হতে পারে। নির্ধারিত ১০ স্টেডিয়ামে টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত সব মিলিয়ে ১৯ লাখ ৭৮ হাজার ২৭৪ জন দর্শকের উপস্থিতি মিলেছে। তাতে ফিফার ধারণার চেয়ে প্রায় ৬ লাখ বেশি টিকিট বিক্রি হয়েছে।