প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৬:২৯ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৬:৪৪ পিএম
এশিয়া কাপের ফাইনালে তিনবার খেললেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। এবার সেই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ওয়ানডে সংস্করণ বলেই আশাবাদী জাতীয় দলের নির্বাচক প্যানেলের এই সদস্য।
তিনি বলেন, 'এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো খুব কঠিন হয়। এখানে সেরা ক্রিকেটটা খেলতে হবে। বাকি যে দলগুলো, সবাই কিন্তু সময়ের সঙ্গে অনেক এগিয়েছে। গত ৪-৫ বছর আগের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়েছে। শ্রীলঙ্কাও গুছিয়ে নিয়েছে। ভারত, পাকিস্তান অনেক শক্তিশালী। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে, যদি ভালো করতে হয়।' মূলত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ওয়ানডে পারফরম্যান্স আশাবাদী করেছে এই নির্বাচককে।
এই নিয়ে তিনি বলেন, 'গত এক বছরের পারফরম্যান্স যদি দেখেন, তাহলে আমরা আশাবাদী হতেই পারি। তবে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করাটা খুব জরুরি। কারণ বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমার মনে হয়, দল হিসেবে আমরা প্রস্তুত আছি। দল হিসেবে আমরা ভালো করছি।'
এশিয়া কাপে শিরোপা জয়ের আশা দেখা হাবিবুল বাশার অবশ্য ওপেনিং নিয়ে চিন্তামুক্ত। তিনি জানান তামিম ইকবাল না থাকলেও ভালো করবে বাংলাদেশ। এই নিয়ে হাবিবুল বাশার সুমনের ভাষ্য, 'আমার মনে হয় না কনসার্ন হওয়ার কিছু আছে। আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। আমরা যে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি। যদি দেখেন, আমাদের খেলার ধরনটা কিন্তু বদলেছে। আমরা যে ফিয়ারলেস ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু আমরা গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন। ফিয়ারলেস ক্রিকেট খেলতে গেলে কিন্তু ক্রিকেটারদের ব্যাক করতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের যে মূল মন্ত্র যে, আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল ব্যাক করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।'
এশিয়া কাপে তামিম না থাকলেও বিশ্বকাপ ও নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরবেন বলে আশাবাদী হাবিবুল বাশার। এই নিয়ে তিনি বলেন, 'বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।'