প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১০:৩৬ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১০:৫২ এএম
রবার্তো মানচিনির চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু হুট করেই পদত্যাগ করেছেন ২০২০ ইউরো চ্যাম্পিয়ন কোচ। আরেকটি ইউরো বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগেই তার শূন্যস্থান পূরণ করতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন বেছে নিয়েছে লুসিয়ানো স্পাল্লেত্তিকে।
৩৩ বছর পর নাপোলিকে সিরি আ শিরোপা জেতানো লুসিয়ানো এখন আজ্জুরিদের কোচ। নেপলসবাসীকে শিরোপার আনন্দে ভাসিয়ে হঠাৎ করেই চাকরি ছেড়েছিলেন এই ৬৩ বর্ষী কোচ। তাকে পেতে মুখিয়ে ছিল ইতালি।
২০১৮ সালে ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। চড়াই-উতরাই পার করেছেন আজ্জুরিদের ডেরায়। ম্যানচেস্টার সিটির সাবেক সফল কোচের অধীনে ২০২১ সালে ইউরো জেতে ইতালি। ২০২২ সালে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে মূল পর্বে খেলতে পারেনি ইউরোপের অন্যতম সফল দলটি। পাঁচ বছরের রাজত্বে মানচিনি মোট ৩৭ ম্যাচ জিতেছেন, ড্র ১৫টিতে এবং হার ৯ ম্যাচে।