প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৮:৩৩ পিএম
এক যুগ পর ফের ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়ায় রোহিত শর্মার দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। শিরোপা ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না সমর্থকরা। যা দলের ওপর চাপ বাড়াচ্ছে। সেই চাপেই ভেঙে যেতে পারেন রোহিত শর্মা। তাছাড়া বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর রোহিতের নেতৃত্ব নেওয়া উচিত ছিল কিনা; সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
ভারতের ওপর সমর্থকদের প্রত্যাশা নিয়ে শোয়েব বলেন, ‘প্রথমত, আপনারা সবাই দলের উপর যে চাপ দেন। এমন চাপ নিয়ে খেলা প্রায় অসম্ভব। মনে হয় ভারত হারতে পারবে না। আল্লাহ না করুন, যদি তারা হেরে যায়, সমর্থকরা তাদের জাহান্নামে নিয়ে যাবে।’
দলকে কঠিন সময়ে পথ দেখান অধিনায়কেরা। তাই তাদেরও হতে হয় পারফর্মার। চাপে ভেঙে না পরে দলকে নেতৃত্ব দিতে হয়। যেমনটা করে দেখিয়েছেন ধোনি। এদিকে রোহিত যেহেতু ওপেনিং ব্যাটার হিসেবে খেলেন তাই শুরুর দিকে আতঙ্কিত হতে পারেন তিনি। যা তাকে চাপে ফেলতে পারে বলে মনে করেন, শোয়েব।
শোয়েব ভারতের নেতৃত্ব নিয়ে বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার এমন একজন ছিল যে সমস্ত চাপের মধ্যে নিজেকে ধরে রাখতে পারত এবং সতীর্থদের রক্ষা করতে পারত। সে তার সতীর্থদের চাপ অনুভব করতে দেয়নি, এমএস ধোনির ক্ষেত্রে এটাই ছিল সেরা জিনিস। তার অধীনে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং তারপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি ভারতের বিপক্ষে চলে গিয়েছিল। যখন আমি রোহিতকে দেখি, তখন আমি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করি যে প্রথমে তার অধিনায়কত্ব গ্রহণ করা উচিত ছিল কিনা? আমি মনে করি রোহিত মাঝে মাঝে আতঙ্ক অনুভব করে এবং তাকে চাপ দিতে দেয়। অধিনায়কত্বের চাপ আপনাকে পঙ্গু করে দেয়, এবং বিরাট কোহলির সাথেও এটি ঘটেছিল। তাই আপনি একটি বড় টুর্নামেন্ট জিততে পারেন না।’