প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১২:২১ পিএম
ঘটনার শুরু চলতি মাসের ১১ তারিখে। এক্সে (সাবেক টুইটার) নওয়াজ নামের ভেরিফায়েড একটি আইডি পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদের উক্তির বরাতে লেখেন, ‘যখনই ভারতের মোকাবিলা করি, মনে হয় আমরা রাস্তার বাচ্চাদের বিপক্ষে খেলছি।’ বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনা-সমালোচনারও খোরাক জন্মায়। এমন অবস্থায় খোদ ইফতিখার সহায়তা চাইলেন ইলন মাস্কের।
এশিয়া কাপ সামনে রেখে আবারও আলোচনায় ভারত-পাকিস্তান ক্রিকেট। দুই প্রতিবেশী দেশের প্রতিদ্বন্দ্বিতা মাঠ ছাড়িয়ে অন্য ক্ষেত্রেও প্রকট হয়। কথার লড়াই থেকে শুরু করে বাজে ঘটনারও জন্ম দেয়। তবে ঘৃণা ছড়ানোর বিয়ষটি মানতে পারছেন না ইফতিখার। এমন কথা তিনি বলেননি বলেও নিশ্চিত করেছেন। তা ছাড়া এক্সের কাছে অনুরোধ করেছেন যেন তারা ওই আইডিটি বন্ধ করে দেন।
আরও পড়ুন : খুব একটা ভালো নেই সিটি
ক্ষুব্ধ ইফতিখার এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে মেনশন করে রিটুইট করেছেন, ঘৃণা ছড়ানোর দায়ে ওই আইডির মালিকের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
ইফতিখার লিখেছেন, ‘টুইটে যে কথা বলা হয়েছে এরকম কথা কোনো দিনই বলিনি। এমনকি কোনো পেশাদার ক্রিকেটার এ ধরনের কথা বলবে না। অনুগ্রহ করে ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। প্রত্যেককেই ব্যক্তিগতভাবে অনুরোধ, এ পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। কেউ হিংসা ছড়াবেন না। ইলন মাস্ক এ ধরনের অ্যাকাউন্ট ব্লক করে দিন। যারা ব্লুটিকের খারাপ ব্যবহার করছে।’