প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২১:৩৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২২:০৭ পিএম
লিওনেল মেসি ইউরোপ ছেড়েছেন। পাড়ি জমিয়েছেন উত্তর আমেরিকায়। ইন্টার মিয়ামিতে নাম লিখে দুর্দান্ত খেলে যাচ্ছেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এখন পর্যন্ত ৬ ম্যাচে পেয়েছেন ৯ গোল। বিশ্বকাপজয়ী এ সুপারস্টারকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে মাতামাতি। মেসির ম্যাচ মানেই টিকিটের চড়া মূল্য। তারপরও মিলছে না টিকিট।
আরও পড়ুন - দুই ম্যাচে নিষিদ্ধ জাভি-রাফিনহা
মেসিকে নিয়ে চলা উন্মাদনা কাজে লাগাতে চাচ্ছে উত্তর আমেরিকার ফুটবল কর্তারা। এজন্য তারা দক্ষিণ আমেরিকার কর্তাদের সঙ্গে মিলে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের কথা চিন্তাভাবনা করছেন। আয়ের নতুন বাজার সৃষ্টি করতে চাচ্ছেন তারা। এমন খবরই দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
যুক্তরাষ্ট্রের লিগস কাপের ফাইনালে উঠেছে মেসির ইন্টার মিয়ামি। এখন শুধু শিরোপা নির্ধারণী ম্যাচেই খেলবে না ডেভিড বেকহ্যামের ক্লাব, কনকাকাফ কাপ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগও পেয়েছে তারা। এ কারণে দুই মহাদেশের ফুটবল কর্তাদের মাথায় খেলছে এখন আলাদা একটি আসর আয়োজনের পরিকল্পনা।
উত্তর আমেরিকার লিগ ও কনকাকাফ কাপ চ্যাম্পিয়নশিপ এবং দক্ষিণ আমেরিকার কোপা লিবারতোদেরেস ও কোপা সুদামেরিকানা বিজয়ী দলগুলো নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে দুই মহাদেশের ফুটবল কর্তারা। তবে পুরো ব্যাপারটা রয়েছে এখন আলোচনার টেবিলে।