লঙ্কা প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১০:৫৭ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১১:৩০ এএম
গল টাইটান্সের নকআউট পর্ব শুরু গ্রুপ পর্ব থেকেই৷ গতকাল কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষেও ছিল একই সমীকরণ—হারলেই বাদ! বাঁচা-মরার ম্যাচে সাকিব আল হাসান কিপটে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ছিলেন দারুণ! অভিষেকে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের ক্ষেত্রে ম্যাচটি বিবর্ণই গেছে। তবে ৮ উইকেটের বড় জয়ে গল টাইটান্স নিশ্চিত করেছে কোয়ালিফাই।
লিটনের পাশাপাশি এদিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে অভিষেক হয়েছিল পেসার শরিফুল ইসলামের। বল হাতে মাত্র ১ ওভার করেছেন, রান খরচ করেছেন ৭টি। পাঁচ দলের টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হেরে বাদ পড়েছে স্ট্রাইকার্স। ফলে অভিষেকের দিনেই আসর শেষ করতে হচ্ছে টাইগার পেসারের।
কলম্বোয় তাবরিজ শামসি ও সেক্কুগে প্রসন্নের দাপুটে বোলিংয়ে ১৫.৪ ওভারে ৭৪ রানে থেমে যায় কলম্বোর ইনিংস। তাবরিজ ৪ ওভার বল করে ২০ খরচায় নেন ৪ উইকেট। ৩ ওভারে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন প্রসন্ন। এদিন বল হাতে সাকিব আল হাসান ছিলেন আগের দিনের মতোই কৃপণ। ৩.৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় ১ উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়ায় ১৩ রানেই প্রথম উইকেট হারায় গল। ৩-এ ব্যাটে আসেন লিটন। ব্যক্তিগত ইনিংসের চতুর্থ বলে লং-অফে উড়িয়ে মারতে গিয়ে মাত্র ১ রান করেই ফেরেন উইকেটরক্ষক-ব্যাটার।
পরে সাকিব আল হাসানকে সঙ্গী করে ৮.৩ ওভারে গলকে জয়ের বন্দরে পৌঁছান লাসিথ ক্রসপুল্লে। ক্রসপুল্লে অপরাজিত ছিলেন ২৫ বলে ৪২ রান করে। ১৫ বলে ১৭ করেছেন সাকিব। কোয়ালিফায়ারে সাকিবদের প্রতিপক্ষ ডাম্বুলা অরা। আগামীকাল বিকাল সাড়ে ৩টায় শুরু ব্যাট-বলের লড়াই।