প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ০০:২৩ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১১:১৩ এএম
টেস্ট অধিনায়ক সাকিব আবার বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেনও। তামিম ইকবাল পিঠের চোট নিয়ে নেতৃত্ব ছাড়ায় ওয়ানডের অধিনায়কত্বও এখন সাকিবের। ক্রিকেটের তিন সংস্করণে এক অধিনায়কের রীতিতে ফিরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সে খবর শ্রীলঙ্কায় পৌঁছাতে সময় নেয়নি। ভাবছেন, হঠাৎ শ্রীলঙ্কার প্রসঙ্গ এলো কেন?
আরও পড়ুন : বিশ্বমঞ্চে ব্যর্থ ভারত
সাকিব এখন ব্যস্ত সময় পার করছেন শ্রীলঙ্কায়। খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। কিপটেমি বোলিং করে চার ম্যাচ পর নিজের দল গল টাইটানসকে এনে দিয়েছেন বহুল কাঙ্ক্ষিত জয়। আজ নিজেদের ব্যাটিং ইনিংসের সময় সাকিবকে পেয়ে উপস্থাপিকা অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করার লোভ সামলাতে পারেননি। সাকিবও জবাব দিয়েছেন বেশ আয়েশ করে।
উপস্থাপিকা রিধিমা পাঠকের কাছ থেকে অভিনন্দন পেয়ে সাকিব জানান, নেতৃত্ব তার কাছে মোটেই নতুন কিছু, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়।’
বিশ্বকাপের ইংল্যান্ড আসরে ঝলক দেখিয়েছেন সাকিব। তার পরও বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পায়নি। ১০ দলের গত আসরে টাইগাররা হয়েছিল অষ্টম। তবে গত চার বছরে অনেক বদলে গেছে বাংলাদেশ। অনেক উন্নতি করেছে লাল-সবুজের দল।
ক্রিকেটে গত চার বছরে দলের যে অগ্রগতি হয়েছে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে সেটাই দেখাতে চান সাকিব। তার আগে এশিয়া কাপ। দুটো আসরেই বাংলাদেশের দলপতি সাকিব।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব নেতার মতোই বললেন, তার নেতৃত্বে দল তার নিজেদের সেরাটা দেখিয়ে দিতে প্রস্তুত বিশ্বকে, ‘আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’
ওয়ানডে ক্রিকেটের অন্যতম পরাশক্তি বাংলাদেশ। বিশ্বকাপ সুপার লিগের তৃতীয় সেরা দল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে নেতৃত্ব বদল কোনো সমস্যা হবে না তো? এমন আশঙ্কা করতেই পারেন যে-কেউ। কিন্তু সাকিবের মতো অভিজ্ঞ ক্যাপ্টেন এখানে ঝামেলা দেখছেন না। কারণ টেস্ট আর টি-টোয়েন্টির নেতৃত্বভার তো তার কাঁধেই রয়েছে অনেক দিন ধরে। এ দুই দলের ক্রিকেটারদের নিয়েই গড়া ওয়ানডে দল।
কাপ্তান সাকিবের চোখ তাই কেবল সেরা পারফরম্যান্সে। এর বিকল্প কিছু যেন ভাবতেই পারছেন না, ‘আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’