প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৬:০৯ পিএম
সবশেষ ২০১২-১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর রাজনৈতিক টানাপোড়নের কারণে আইসিসির ইভেন্ট ছাড়া কখনোই মুখোমুখি হয়নি দল দুটি। ফের এশিয়া কাপ ও বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই উত্তাপ এরইমধ্যে টের পাওয়া যাচ্ছে। উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। তার মতে, কেনিয়ার সঙ্গে হারলেও তাদের সময়ে পাকিস্তানের বিপক্ষে হারের কথা চিন্তাও করা যেত না।
আসন্ন এশিয়া কাপে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এরপর ফাইনাল উঠলে ফের মুখোমুখি হতে পারে দল দুটি। এরপর আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি ঘিরে এরইমধ্যে উত্তেজনা শুরু হয়েছে দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে। ম্যাচটি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররাও।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কুম্বলে বলেন, ‘আমাদের সময়ে, শব্দটি ছিল ‘কেনিয়ার কাছে হেরে গেলেও পাকিস্তানের কাছে নয়।’ খেলোয়াড়দের ওপর চাপ ও প্রত্যাশা ছিল। এভাবেই ভারত-পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। তবে মূল বিষয় হলো একে অন্যের বিপক্ষে ম্যাচ হিসেবে বিবেচনা করা।’
১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়েছিলেন কুম্বলে। দিল্লি টেস্টে সেবার, পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট শিকার করে দ্বিতীয় ইনিংসে একাই পাকিস্তানের ১০ ব্যাটারকে সাজঘরের পথ দেখান কুম্বলে। যা ভারতীয় হিসেবে প্রথম ও ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়। আবারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচের আগে নিজের পুরনো দিনের সেই স্মৃতি টেনে এনেছেন ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
বলেন, ‘আমি ১০ উইকেট নেওয়ার কথা ভেবে মাঠে যাইনি, তবে এটি যেকোনো বোলারের স্বপ্ন। ওই টেস্টের পর, পাকিস্তানের বিপক্ষে পরের টেস্ট ম্যাচে, কলকাতায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে, আমি এমনকি একটি উইকেট নিতেও লড়াই করছিলাম। আর এটাই ক্রিকেট।’