প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২৩:২৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২৩:৪৯ পিএম
জাফনা কিংসে তাওহিদ হৃদয় ডাক পেয়েছিলেন পাকিস্তানের শোয়েব মালিকের পরিবর্তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়েছিলেন ৮ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র। শ্রীলঙ্কায় জয়ে শুরু করা হৃদয় শেষটাও জয়ে রাঙিয়ে ফিরছেন। নিজের স্টাইলে-দারুণ জয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়া হৃদয় কেড়েছেন হৃদয়।
আরও পড়ুন : এবার ঢাকায় আসছেন ডি মারিয়া!
বিদায় দিতে না চাইলেও বিদায় বলতে হওয়ায় বাংলাদেশের তরুণ ব্যাটারকে দল ভাসিয়েছে প্রশংসায়, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জাফনা কিংস জানিয়েছে কৃতজ্ঞতা- ‘ধন্যবাদ হৃদয় ভাই’।
জাফনা কিংসের হয়ে সবশেষ ম্যাচে হৃদয় পেয়েছিলেন ডিমোশন। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে নামলেন ছয় নম্বরে। কিন্তু বদলালেন না তাওহিদ। জয় তুলেই তবে মাঠ ছাড়লেন।
দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছিলেন হৃদয়। দারুণ ব্যাটিংয়ে সেই মিশনটা স্মরণীয় করে রাখলেন। নিজের শেষ ম্যাচেও ক্যামিও ইনিংস খেলেছেন, তাতেই ৬ উইকেটের অনায়াস জয় পেয়েছে হৃদয়ের দল জাফনা কিংস।
জাফনার ফেসবুক পেজে লেখা হয়েছে- ‘তিনি এলেন, জয় করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে তাকে। আমরা তরুণ এই সুপারস্টারের খুব উজ্জ্বল এক ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।’
জাফনা কিংসের হৃদয়ও কেড়েছেন হৃদয়। দলটিও জানাল সেটা, 'আমরা এখনও এই মৌসুমের ট্রফি জিততে পারিনি, কিন্তু এই তরুণ চ্যাম্পিয়ন আমাদের সকলের হৃদয় জয় করেছে.. শীঘ্রই আবার দেখা হবে, হৃদয়!'
মঙ্গলবার আগের ম্যাচে বাবর আজমের সেঞ্চুরিতে জয় পাওয়া দলটির শুরুটা জাফনার বিপক্ষেও ভালো হয়েছিল। তবে মিডল অর্ডারে দ্রুত উইকেট হারালে বড় সংগ্রহের পথে বিঘ্ন ঘটে তাদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে জাফনাকে ৮ উইকেটে ১৪৭ রানের লক্ষ্য দেয় কলম্বো।
রান তাড়ায় জাফনার কাজ সহজ করে দিয়েছেন দুই ওপেনার নিশান মাদুশকা ও রহমানউল্লাহ গুরবাজ। উদ্বোধনী জুটিতেই ৫.২ ওভারে আসে ৫৮ রান। গুরবাজ আউট হয়েছেন ৩ ছক্কা ও ৩ চারে ২১ বলে ৩৯ রান করে। মাদুশকার ইনিংসেও ৩টি করে ছক্কা ও চার। তিনি করেছেন ৩২ বলে ৪৬।
এরপর অধিনায়ক থিসারা পেরেরার ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে ম্যাচ হাতের নাগালে চলে আসে জাফনার। ছয় নম্বরে হৃদয় যখন ব্যাটিংয়ে আসেন তখন ম্যাচ অনেকটাই জিতে গেছে জাফনা। তিনটি চারের বাউন্ডারিতে ৯ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন হৃদয়।
জাফনার হাতে ছিল আরও ৩৩ বল ও ৬ উইকেট। ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ায় তিনি দেশে ফিরেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।