প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২১:০৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২১:২৩ পিএম
দোরগোড়ায় ভারত বিশ্বকাপ। সাফল্যে আগের বিশ্বকাপগুলো ছাড়িয়ে যেতে চায় বাংলাদেশ। তারই অংশ হিসেবে ২০১৯ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে আরও পরিণত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এ সময় জয়ের পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সাফল্য আছে ব্যক্তিগতও। রান তোলায় বাবর আজম ও বিরাট কোহলির পরপরই অবস্থান দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের।
২০১৯ বিশ্বকাপের পর ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে তামিম ইকবালের দল। যেখানে ২৭টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ১৬টিতে, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এ তালিকায় শীর্ষে থাকা ভারত ম্যাচ খেলেছে ৫৭টি, যেখানে তাদের জয় ৩৪টি। তালিকায় পরের অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। এ সময় ৫০টি ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে ২৬টি। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সমান ৩৬ ম্যাচে জয় পেয়েছে ২১টি করে।
এ সময় দলের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন লিটন ও তামিম। দুজনের রানই বলছে সে কথা। এই ফরম্যাটে ২০১৯ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলে ৪২.৫০ গড়ে ১৪৪৫ রান এসেছে লিটনের ব্যাট থেকে। অন্যদিকে ৪০-বার ব্যাট করতে নেমে ৪০.০৫ গড়ে ১৪৪২ রান করেছেন তামিম। এ সময়ে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের রান ১৮৭৬ রান, মাত্র ২৮ ইনিংসে ৮ সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি ৩৭ ইনিংসে ৪৬.০৫ গড়ে ১৬১২ রান করেছেন। রান তোলায় শীর্ষ পাঁচে জায়গা হয়েছে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলের।