প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৮:৩৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৯:১৩ পিএম
আসন্ন এশিয়া কাপ সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ১৭ সদস্যের দলে চমক দুই বছর পর অলরাউন্ডার ফাহিম আশরাফের ফেরা ও তৈয়ব তাহিরের অন্তর্ভুক্তি।
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাবর আজমের দল। সেখানেও থাকছে একই দল। বাড়তি হিসেবে সেই দলে রাখা হয়েছে সৌদ শাকিলকে। সিরিজের তিনটি ম্যাচ হবে ২২ থেকে ২৬ আগস্টে। এরপর দেশে ফিরে আগামী ৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের মিশনে মাঠে নামবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল।
দুই বছর আগে পাকিস্তানের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ফাহিম। তার ফেরায় দল থেকে বাদ পড়েছেন শান মাসুদ। অফ ফর্মের কারণে বাদ পড়তে হয়েছে তাকে। অন্যদিকে চোটে ছিটকে গেছেন ইহসানউল্লাহ। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ফলস্বরূপ দলে ডাকা হয়েছে তৈয়ব তাহিরকে।
পাকিস্তান স্কোয়াড : আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, তৈয়ব তাহির, সৌদ শাকিল (কেবল আফগানিস্তান সিরিজের জন্য), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহঅধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন আফ্রিদি।