প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৬:৩৪ পিএম
বিশ্বকাপের বাকি আর দুই মাস। এখনও হাঁটুতে পাওয়া চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এই অবস্থায় বিশ্বকাপে তিনি থাকবেন কি-না তাই নিয়েই ছিল প্রশ্ন। কিউই কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, হুট করে উইলিয়ামসনকে ফেরাচ্ছে না নিউজিল্যান্ড, তবে বিশ্বকাপে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ফেরানোর ভাবনা আছে তাদেরও।
বিশ্বকাপের আগে সমান চারটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে ইংল্যান্ড সফর করবে নিউজিল্যান্ড। এরইমধ্যে টম ল্যাথামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা। দলে চোট পুরোপুরি না সারায় দলে জায়গা হয়নি উইলিয়ামসনের। তবে সফর সঙ্গী ঠিকই হচ্ছেন তিনি। দলের সঙ্গে থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করবেন। এরপর তার অগ্রগতি পর্যবেক্ষণ করে সেখানেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কারণে তিনি ফিরতে না পারলে দলের নেতৃত্ব থেকে যাবেন ল্যাথাম।
উইলিয়ামসনের অগ্রগতি নিয়ে স্টিড বলেন, ‘আমরা তাকে বিশ্বকাপে নিশ্চিত করার জন্য যথাসাধ্য ব্যবস্থা নেব। যাতে আমরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাই এবং তিনি বিশ্বকাপে যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, সে কারণে তিনি ইংল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন। কারণ তার পুনর্বাসন প্রক্রিয়া জানাটা খুব জরুরী।’
স্টিড আরও বলেন, ‘কেন প্রতিদিনই উন্নতি করছে। তবে আমরা তার ব্যাপারে সতর্ক, তাই আমরা খুব বেশি সামনের দিকে তাকাচ্ছি না। আমরা যেমনটি আশা করেছিলাম সেভাবে উন্নতি করেছে সে এবং কিছু ক্ষেত্রে সম্ভবত আরও ভাল। আমরা চেষ্টা করব তিন সপ্তাহের মধ্যে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।’