প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১০:৫৫ এএম
গতকালই ভারত বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে দুই নতুন ক্রিকেটারকে যুক্ত করা হয়েও দলে জায়গা দেওয়া হয়নি অভিজ্ঞ মার্নাস লাবুশেনকে। সেটা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের প্রধান নির্বাচক জর্জ বেইলিকে। যার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
লাবুশেনের না থাকা নিয়ে বেইলি বলেন, ‘ক্রিকেটারদের দলে থাকা না থাকার বিষয়টা ফর্মের ওপর। আমরা জানি ফর্মে থাকা অবস্থায় মার্নাস ওয়ানডে দলে জায়গা পাবার জন্য যথেষ্ট ভাল একজন খেলোয়াড়। আমরা তাকে যেমনটা দেখতে চাই, তেমন অবস্থায় পাইনি।’
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধারাবাহিকদের একজন তিনি। তবে ওয়ানডেতে সেভাবে নজরটা নিজের দিকে টানতে পারেননি তিনি। ৩০ ওয়ানডেতে ৩১ গড়ে করেছেন ৮৪৭ রান। স্ট্রাইকরেট ৮৩.২০। মূলত, এখানেই বাকিদের থেকে পিছিয়ে পড়েছেন লাবুশেন। তবে এখানেই লাবুশেনের শেষ দেখছেন না বেইলি। বিশ্বকাপের আগে পরখ করা হবে বাকিদের। সেখানে চোট বা কারো অফ ফর্মে বিশ্বকাপের দরজা খুলতে পারে লাবুশেনের।
বেইলি বলেন, ‘আমরা মার্নাসের সাথে স্পষ্ট কথা বলেছি। সে অস্ট্রেলিয়া এ দলের কিছু ম্যাচে জায়গা পাবে যেন সাদা বলের ক্রিকেটে নজর দিতে পারে। অবশ্যই, দক্ষিণ আফ্রিকায় আমরা যে স্কোয়াড নিয়ে যাচ্ছি, সেটাই বিশ্বকাপের দিকে যাবে। তবে মার্নাসের যে বয়স, যে দক্ষতা আছে, আমার কোন সন্দেহ নেই, সে খুব দ্রুতই একদিনের ক্রিকেটের অংশ হবে। আমরা জানি, নিজের সেরা সময়ে সে একদিনের ক্রিকেটে নিজের সেরাটা উজাড় করে দিতে পারবে।’