প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৫:০৬ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৫:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের মাটিতে একটুকরো জমি কিংবা নিজের বাড়ি অনেকের কাছে যা স্বপ্নের মতো। সেই স্বপ্নই পূরণ হয়েছে মন্ট্রিয়েল টাইগার্সের সাকিব সতীর্থ শেরফেন রাদারফোর্ডের। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দলের শিরোপা জেতানোর পেছনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। ফাইনালেও হেসেছে তার ব্যাট। যার ফলস্বরূপ একই সঙ্গে ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন তিনি। সেখানেই পেয়েছেন চমক। টুর্নামেন্টসেরার পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে আধা একর জমি!
রবিবারের ফাইনালে লিটনের দল সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারানোর ম্যাচে মন্ট্রিলের হয়ে অপরাজিত ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন এই ব্যাটার। স্বাভাবিক ভাবেই জেতেন ম্যাচসেরার পুরস্কার।
এরপর টুর্নামেন্টে বেশকিছু ম্যাচে দলের জয়ে অবদান রাখার উপহার স্বরূপ তাকে প্রাইজ হিসেবে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে হাফ একর জমি। টুর্নামেন্টে মোট ২২০ রান আসে এই ব্যাটারের থেকে।
এদিন অবশ্য ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে। অন্যদিকে মন্ট্রিলের সাকিব আগেই কানাডা ছেড়ে লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন।