× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকীয় লড়াইয়ে সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড আর্সেনালের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ২৩:৪৪ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ০০:০৩ এএম

নাটকীয় লড়াইয়ে সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড আর্সেনালের

ম্যাচ শুরুর আগে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, আগের মৌসুমে ওভাবে প্রিমিয়ার লিগ শিরোপাটা খোয়ানোর দগদগে ঘা এখনো শুকোয়নি ঠিকঠাক। কমিউনিটি শিল্ডে এরপর যা হলো, তাকে আপনি চাইলে গেল মৌসুমের একটা ছোট্ট রিক্যাপও বলতে পারেন, পুরো মৌসুমের চিত্রটা একটা ম্যাচে।

তবে এবার ভুক্তভোগীর জায়গাটায় বসল ম্যানচেস্টার সিটির নাম। গেল মৌসুমে একটা বড় সময় দুইয়ে থাকা সিটি শেষের ঝলকে এসে প্রিমিয়ার লিগটা ঘরে তুলেছিল। আর কমিউনিটি শিল্ডে ঘটল তার উল্টোটা, একটা বড় সময় এগিয়ে থেকে সিটি হেরে বসল আর্সেনালের শেষের জাদুতে। নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪-১ গোলে জেতে আর্সেনাল। মৌসুমের প্রথম শিরোপাটা তাই যায় লন্ডনেই। 

এবারের দলবদলে ব্যস্ত সময় কাটিয়েছে আর্সেনাল। রেকর্ড অর্থ খরচ করে দলে ভিড়িয়েছে ডেক্লান রাইস, কাই হ্যাভার্টজদের। তাদের দুজনেরই দেখা মিলল শুরুর একাদশে। ফাইনালে হ্যাভার্টজের সিটিকে পোড়ানোর অভ্যাসটা আছে বেশ, ২০২১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির জয়সূচক গোলটা করে তো সিটিকে স্বপ্নভঙ্গ উপহার দিয়েছিলেন তিনিই। সে সুযোগটা আজও পেলেন, কিন্তু কাজে আর লাগানো হলো না। দুটো বড় সুযোগ নষ্ট করলেন।

আর্সেনালের আফসোসটা বাড়ল আরও, ৭৭ মিনিটে যখন সিটি ফরোয়ার্ড কোল পালমার বক্সের কোণা থেকে দারুণ এক শটে বল নিয়ে আছড়ে ফেললেন গানারদের জালে। সেই এক গোলের পর মনে হচ্ছিল গেল মৌসুমে ট্রেবল জেতা সিটি বুঝি এই আরেকটা শিরোপা জিতে মৌসুমটা শুরু করতে চলল। অন্তত যোগ করা সময়েরও দশ মিনিট যখন শেষ, তখন তো বটেই!

তবে আর্সেনাল বোধ হয় আসল ঝলকটা ওই সময়ের জন্যই তুলে রেখেছিল। বুকায়ো সাকার কর্নার থেকে ফিরে আসা বলটা গিয়ে পড়ে লিয়ান্দ্রো ত্রোসার পায়ে, সঙ্গে সঙ্গে তার আচমকা শট, তা গিয়ে সিটির রক্ষণ দেয়ালে লেগে দিক বদলাল, গোলরক্ষক ধোঁকা খেলেন, বল গিয়ে আছড়ে পড়ল জালে। যোগ করা সময়ের শেষ দিকে এই গোল ম্যাচটাকে নিয়ে যায় টাইব্রেকারে।

শেষ সময়ে গোল হজম করে সিটি খানিকটা মুষড়েই পড়েছিল বোধ হয়। নাহয় কেন অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনা ব্যর্থ হবেন সিটির প্রথম শটে? এরপর সিটির চ্যাম্পিয়ন্স লিগ জেতার নায়ক রদ্রি এর্নান্দেজও! মাঝে বের্নার্দো সিলভা জালে বল জড়ালেন, তবে তাতে লাভটা হলো না সিটির; ওপাশে আর্সেনাল যে চারটে শটের প্রতিটিই জড়িয়েছে সিটিজেনদের জালে! শিরোপাটাও তাই চলে যায় আর্সেনালেরই ঘরে। 

ম্যাচের আগে কোচ আর্তেতা সিটির বিপক্ষে যে করেই হোক একটা জয় চেয়েছিলেন। সেটা তো মিললই, সঙ্গে একটা চক্রও পূরণ হলো বৈকি! সবশেষ যেবার মৌসুম শুরুর এই ম্যাচে লড়েছিল আর্সেনাল আর ম্যান সিটি, সেবারও গানারদের দলে ছিলেন আর্তেতা, তবে সেটা খেলোয়াড় হিসেবে; সেবারও বিজয়ীর হাসি হেসেছিলেন তিনিই। হাসলেন এবারও। গেল মৌসুমে প্রায় আড়াইশো দিন শীর্ষে থেকেও সিটির কাছে লিগ খোয়ানো, লিগের দুই লেগে সিটির কাছে হারের পর চক্র পূরণের এই জয়টাই তাকে বেশি তৃপ্তি দেবে, এটা নিশ্চিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা