প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ২৩:২৭ পিএম
‘বিশ্বভুবনে স্বাগত, হেইডেন!’— জুলাই মাসের শুরুর দিকে নিজের সন্তানের কথা জানিয়েছিলেন অ্যাশ বার্টি। অস্ট্রেলিয়ার সাবেক টেনিস কিংবদন্তি এই কদিনে মাতৃত্বটা চুটিয়ে উপভোগ করছেন।
আরও পড়ুন : বাবরদের বিশ্বকাপ খেলতে ভারত সফরের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার
অম্লমধুর মাতৃত্বকে বার্টি দুটি ভাগে ভাগ করেছেন, একটি বিশ্বের সবচেয়ে আনন্দের অন্যটি সবচেয়ে কষ্টের। তবে মা হতে পেরে মুগ্ধ তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
২৭ বর্ষী তারকাকে কদিন আগে দেওয়া ছবিতে দেখা গিয়েছিল হেইডেনকে কালো কম্বলে মুড়িয়ে বাড়ির আঙিনায় বসে আছেন। পোষা কুকুরকে হেইডেনের সঙ্গে যেন পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এবার রাখঢাক না রেখেই খোলাশা করলেন মাতৃত্ব, জানালেন সন্তানের কথাও।
বার্টি বলেছেন, ‘এতদিনে সবচেয়ে দারুণ জিনিসটি হচ্ছে হেইডেন এবং যা করেছি তার মাঝে সবচেয়ে কষ্টের ফসলও। হেইডেন দুর্দান্ত, আমি খুব ভাগ্যবান। গ্যারি (স্বামী) এবং আমি সত্যিই দারুণ কিছু সময় কাটাচ্ছি।’
মাতৃত্ব উপভোগের বিষয়টি বার্টি দেখেছেন তার বোনের থেকে। এরপর নিজেও পেলেন সবচেয়ে দামি পরিচয় ‘মা’।