প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৮:৪২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৯:০৩ পিএম
ম্যানচেস্টার সিটির হয়ে স্বপ্নের মতো একটা মৌসুম পার করেছেন জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ নিয়েছেন। তবে সেই স্বাদ নেওয়ার পর নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ তিনি। এরই মধ্যে দুই মৌসুমের চুক্তিতে যোগ দিয়েছেন বার্সায়। কাতালান ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন ৩২ বছর বয়সি এই তারকা। জানিয়েছেন, বার্সায় নিজের সবটুকু উজাড় করে দিতে চান তিনি।
বার্সার জার্সিতে মাঠে নামার আগে সাবেক ক্লাব সিটির স্মৃতি মন্থন করেছেন গুন্দোগান, ‘এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। সিটির সঙ্গে আমার সাতটি অবিশ্বাস্য বছর কেটেছে। সফরের শেষ কয়েক মাস আশ্চর্যজনক ছিল। এটি কেবল আমরা শিরোপা জিতেছি বলে বিষয়টি তা নয়, ড্রেসিং রুমের পরিবেশ, ক্লাবের আশপাশের লোকজন সবকিছুই। আমি এই গত কয়েক মাস খুব উপভোগ করেছি।’
বার্সায় নিজের নতুন চ্যালেঞ্জ নিয়ে গুন্দোগান বলেন, ‘আমি মাঝে মাঝে ভাবছিলাম কেন আমি এটি পরিবর্তন করতে চাই। কিন্তু আমি ঠিক এটাই চেয়েছিলাম, আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে, একটি নতুন দেশে একটি নতুন সংস্কৃতি, একটি নতুন দেশে নিজেকে প্রমাণ করতে। আমি এমন একজন যে নতুন চ্যালেঞ্জ অন্বেষণ করতে ভালোবাসি। আমি এখানে নিজেকে প্রমাণ করতে, জয় করতে এবং সফল হতে এসেছি।’