প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১২:১২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১২:৪৭ পিএম
মেজাজ হারানো ম্যাচে মেসি কার্ডও দেখেছে প্রথমবার
লিওনেল মেসির ধাক্কা দেওয়ার ঘটনাটি বৃহস্পতিবারের, লিগস কাপে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলছিল ইন্টার মিয়ামি। প্রতিপক্ষের রক্ষণভাগের তারকাদের কড়া মার্কিংয়ে মেসি। ম্যাচের সাত মিনিটের মাথায় যদিও গোল পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা, কিন্তু দশ মিনিট পরেই সমতায় ফেরে সিটি। এমন সময় ম্যাচে প্রথমবার মেজাজ হারান মেসি, মার্কিন মুলুকে পান হলুদ কার্ডের দেখাও। সেই রেশ পরে মাঠ ছাপিয়ে টানেলেও পৌঁছেছে, মেসি নিজের ক্রোধ ধরে রাখতেও পারেননি।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দুই দলের ফুটবলাররা টানেল দিয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন তখন মেসি অরল্যান্ডোর এক ফুটবলারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ মেসি তাকে ধাক্কা দেন। মেসির এমন কাণ্ড অবশ্য ভালোভাবে নেননি প্রতিপক্ষের কোচ অস্কার পেরেজা। তার মতে, মেসি বড় পাপে লঘু দণ্ড পেয়েছেন। ‘সারকাস’ বলে মন্তব্য করে পেরেজা জানিয়েছেন, মেসিকে লাল কার্ড দেওয়া উচিত ছিল রেফারির।
ফ্লোরিডায় ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জিতেছে মিয়ামি। মেসির জোড়া গোলের দিনে ৩-১ ব্যবধানের হার দেখেছে অরল্যান্ড। জয়-পরাজয় ছাপিয়ে এখন অবশ্য মেসির ধাক্কাকাণ্ড নিয়েই আলোচনা। ওইদিন মেসি অবশ্য আরও দুবার মেজাজ হারিয়েছিলেন। কিন্তু সেই আলোচনা ছাপিয়ে মিয়ামির চোখ প্রথম অ্যাওয়ে ম্যাচে। লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে রবিবার এফসি ডালাসের মুখোমুখি হবে মেসিরা।