প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৯:৫৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২০:০৫ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারের পর কঠোর সমালোচনা শুনতে হয়েছে ভারতকে। ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি দেশটির প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তবে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ জিতে মাঠেই তার জবাব ছুড়েছে ভারত। এবার মাঠের বাইরে কপিলের কথার শক্ত জবাব দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অলরাউন্ডারের মতে, বিশ্বের কোথাও ভারতের চেয়ে কঠোর পরিশ্রমী দল খুঁজে পাওয়া যাবে না।
বিশ্বকাপ ভাবনা নিয়ে অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘সব দল এখানে আসবে টুর্নামেন্ট জিততে। আমরা যদি বিশ্বকাপ না জিততে পারি, তাহলেও আমরা এগিয়ে যাব। যারাই জিতবে আমরা তাদের প্রশংসা করব। আমি কেবল বলব, আমরা যখন ২০২৩ বিশ্বকাপে নামব, তখন আমাদের দলকে ইতিবাচকপূর্ণ সমর্থন দিন। বিশ্বকাপ জেতা সহজ নয়। আমরা সবাই পেছনে টেনে ধরি। আসলে এটা এত সহজ না। আমরা প্রায় সব বড় ইভেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি। তখন কি আমরা যথেষ্ট ভালো ছিলাম না!’
অশ্বিন আরও বলেন, ‘আমাদের প্রচুর ইতিবাচকতা দরকার। জনগণের সমর্থন দেওয়া উচিত, যাতে নির্দিষ্ট দিনে ছেলেরা তাদের দক্ষতা কার্যকর করতে সক্ষম হয়। বিশ্বের কোথাও ভারতের মতো পরিশ্রমী দল দেখতে পাবেন না। অনুশীলন সেশন, জিম ও আরও অনেক কিছুতে খেলোয়াড়রা কতটা কঠোর পরিশ্রম করে, তা আপনার দেখা উচিত।’