× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলকে বিদায় জানাচ্ছেন বুফন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৪:৪০ পিএম

ফুটবলকে বিদায় জানাচ্ছেন বুফন

গত বছর ফেব্রুয়ারিতে জিয়ানলুইজি বুফন জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে চান। পার্মাতেও চুক্তির মেয়াদ পূর্ণ করতে চেয়েছিলেন। কিন্তু চুক্তির বছরখানেক বাকি থাকতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন গোলপোস্টের নিচের অতন্দ্র প্রহরী। আগামী কয়েক দিনের মধ্যেই ফুটবল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণাও দিবেন ৪৫ বর্ষী বুফন।

ইউরোপের মিডিয়ার খবর, ইতালির ক্লাব পারমাকে বুফন জানিয়েছেন ‘এবার থামতে চান’। বুট জোড়া তুলে রাখতে চুক্তি বাতিল করার কথা বলেছেন। কিংবদন্তির চাওয়ায় দ্রুতই চুক্তি বাতিলের কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। সেটি হলে আনুষ্ঠানিকভাবে ফুটবল ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছেন বুফন। যুক্তরাষ্ট্রের খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক বিষয়টি নিশ্চিত করেছে। 

ইতালির সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইট করে জানিয়েছেন, ‘ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন পেশাদার ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

বুফন ১৯৯৫ সালে পার্মার সঙ্গে চুক্তি করে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন। ২০০১ পর্যন্ত ওই ক্লাবেই ছিলেন। এরপর জুভেন্টাসে খেলেছেন ১৭ বছর। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ওল্ড লেডিদের জার্সি মাতিয়েছেন তিনি। ২০০৬ সালে ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপ। ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ইতালিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন বুফন। ৯০২ ম্যাচ খেলে ছুঁয়ে ফেলেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনিকে।

আরও পড়ুন: ভয়াবহ ট্যাকেলের পর কাঁদলেন মার্সেলো

বুফনের প্রায় পুরো পরিবারটাই যেন একটা খেলার দল! তার মা তিনবারের সেরা ইতালিয়ান চাকতি নিক্ষেপকারী। বাবাও ছিলেন অ্যাথলেট। দুই বোনের দু’জনই ভলিবল খেলতেন ইতালির হয়ে। মামা-চাচা পর্যন্ত ঘাঁটলে পরিবারের স্টেডিয়ামমুখী সদস্যের সংখ্যাটা কেবল বাড়ে। বুফনও যে বড় হয়ে খেলাটাই পেশা হিসেবে নেবেন তাতে সন্দেহ ছিল না। ১০ বছরের ছোট্ট বুফনকে তাই ভর্তি করিয়ে দেয়া হল ফুটবল একাডেমিতে। গোলকিপার নয়, বুফন খেলা শুরু করলেন মিডফিল্ডার হিসেবে। কিংবদন্তি হয়েই থামছেন ‘সুপারম্যান’ খ্যাত জিজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা