প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২১:২২ পিএম
কেন উইলিয়ামসন তো বটেই, নিউজিল্যান্ডের যেকোনো সমর্থকরা এমন খবরে খুশি হবেন। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের তারকা ব্যাটারকে ব্যাট হাতে দেখে স্বস্তি ফেরাটাও স্বাভাবিক। মাসখানেক আগে, সময়ের অন্যতম ব্যাটার নিজেই জানিয়েছিলেন, ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা ফুরিয়ে যায়নি। উইলিয়ামসন বলেছিলেন, ‘সপ্তাহ ধরে ধরে এগোতে চাচ্ছি।’ সেই পথে অনেকটা এগিয়েও গেছেন।
ইনস্টাগ্রামে নিজের ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করে উইলিয়ামসন লিখেছেন, ‘থ্রো-ডাউনের বিপক্ষে নেটে ব্যাটিংয়ে ফিরে বেশ ভালো লাগছে।’ দলের সঙ্গে অনুশীলন না করলেও উইলিয়ামসনের একাকি অনুশীলন নজর কেড়েছে। সমর্থকদের মনে আশা জাগিয়েছে, দুইমাস পর শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাকে পেতেও পারে নিউজিল্যান্ড।
গত আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান উইলিয়ামসন। এরপর ছুরি-কাঁচির নিচেও যেতে হয়। যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে, তাতে বিশ্বকাপ খেলাও পড়ে আছে চরম অনিশ্চয়তায়। কিউইদের পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছিল তিনি খেলতে পারবেন না। মাঝে খবর হয়েছিল, শেষ পর্যন্ত যদি উইলিয়ামসন ক্রিকেটার হিসেবে না থাকতে পারলেও দলের সঙ্গে পরামর্শক হিসেবে থাকবেন।