প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১২:১২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৪:৫৩ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারের পর থেকেই সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতকে। ম্যাচে রোহিত-কোহলিকে দলে না দেখে অবাক হয়েছেন অনেকেই। ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করতে ছাড়েননি দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এ অধিনায়কের মতে, আইপিএলে প্রাপ্ত অধিক অর্থই অহংকার বোধ নিয়ে এসেছে ক্রিকেটারদের মধ্যে। তবে বিষয়টি সহজভাবে নেননি ভারতের অন্যতম সফল আলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার মতে, দলে কোনো অহংকার নেই।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয় কপিল দেবের মন্তব্য। দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে যেখানে কপিল বলেন, ‘কখনও কখনও, যখন খুব বেশি টাকা আসে, তখন অহংকার আসে। এই ক্রিকেটাররা, তারা মনে করেন তারা সবকিছু জানেন।’
ক্রিকেটারদের মধ্যে সত্যিই অহংকার বোধ কাজ করে কিনা; কপিলের মন্তব্য শোনিয়ে এসব নিয়ে জানতে চাওয়া হয়েছিল জাদেজার কাছে। উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না তিনি কখন এই কথা বলেছেন। আমি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলি অনুসন্ধান করি না। দেখুন প্রত্যেকের নিজস্ব মতামত আছে। প্রাক্তন খেলোয়াড়দের তাদের মতামত জানানোর সম্পূর্ণ অধিকার আছে, তবে আমি মনে করি না দলে কোনও অহংকার আছে।’
জাদে-জা আরও বলেন, ‘দলের সবাই ক্রিকেট উপভোগ করছে এবং প্রত্যেকেই কঠোর পরিশ্রমী। কেউ কিছু নিতে আসেনি। তারা তাদের ১০০ শতাংশ দিচ্ছে। এই ধরনের মন্তব্য সাধারণত আসে যখন ভারতীয় দল একটি ম্যাচ হেরে যায়। এটি একটি ভাল দল। আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি এবং এটাই আমাদের মূল লক্ষ্য, কোনও ব্যক্তিগত এজেন্ডা নেই।’