প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ০৮:৪৩ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১১:৩১ এএম
আফগানিস্তান সিরিজের পর থেকে দেশের ক্রিকেটের আলোচ্য বিষয় কবে ক্যাম্প শুরু। কথা ছিল ২৯ জুলাই ক্রিকেটাররা ক্যাম্প শুরু করবেন। নানা কারণে পূর্বনির্ধারিত সময়ে শুরু হয়নি ক্যাম্প। নির্ধারিত সময়ের এক দিন পর আজ মিরপুরে শুরু হবে টাইগার ক্রিকেটারদের এ ফিটনেস ক্যাম্প। এ ক্যাম্প সামনে রেখে প্রাথমিক দল দেওয়ার কথা ছিল। শেষমেশ তা আর হয়নি। ৩২ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বিসিবি। কাদের ডাকা হয়েছে তা জানার উপায় নেই। কারণ ৩২ ক্রিকেটারের নাম প্রকাশ করবে না বিসিবি। স্কিল অনুশীলন শুরুর আগে একেবারে ২১-২২ সদস্যের দল দেওয়া হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এশিয়া কাপ-বিশ্বকাপ সামনে রেখে লম্বা সময় ক্রিকেটারদের থাকতে হবে টানা খেলার মধ্যে। এর আগে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা বুঝতে আজ শুরু হবে ক্যাম্প। ৩ আগস্ট ক্রিকেটাররা দেবেন ইয়ো ইয়ো টেস্ট। ক্রিকেটারদের ক্যাম্প শুরুর বিষয়গুলো নিশ্চিত করে নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে।’
ক্রিকেটারদের ফিটনেস অনুশীলনের পর শুরু হবে ব্যাট-বলের প্রস্তুতি। ৮ আগস্ট শুরু হবে স্কিল অনুশীলন। তখন অবশ্য ক্রিকেটারের সংখ্যা ৩২ থেকে ২১-২২ এ নামিয়ে আনার পরিকল্পনা নির্বাচকদের। আপাতত ৩২ ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও ২১-২২-এ নামিয়ে আনা ক্রিকেটারদের নাম জানাবে বিসিবি। এ নিয়ে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘স্কিল শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল (অনুশীলন) করবে এশিয়া কাপের জন্য।’ তখনই নান্নু পরিষ্কার করে জানান, ফিটনেস ক্যাম্পে ভালো খারাপ করা দলে জায়গা পাওয়ার নিয়ামক হবে না। ক্রিকেটারদের ফিটনেস দেখতেই এ ক্যাম্পের আয়োজন বলে জানান তিনি।
এশিয়া কাপের আগে হওয়া এই ক্যাম্পে থাকবেন না তামিম ইকবাল। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেশের বাইরে থাকা ক্রিকেটারদেরও পাওয়া যাবে না। অন্য ক্রিকেটারদের নিয়ে ধারণা থাকলেও তামিম সম্পর্কে এখনও অন্ধকারে নির্বাচকরা। প্রধান নির্বাচক জানান, ‘মেডিকেল থেকে আমরা এখনও কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি সে অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ক্রিকেটারদের ক্যাম্পে থাকা না থাকার বিষয়ে বলেন, ‘যারা (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) খেলতে গেছে তারা তো খেলার মধ্যেই আছে।’
এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাওয়া ক্রিকেটারদের নিয়ে ইতিবাচক মানসিকতা দেখান মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘অবশ্যই পারফরম্যান্সের জন্যই খেলোয়াড়দের কদর বাড়ে। পারফরম্যান্স ভালো হচ্ছে, একটা থিতু অবস্থায় খেলোয়াড়রা আছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়। বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এটা আমাদের ক্রিকেটের বিন্যাসের জন্য ভালো হবে।’