প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১২:২৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৬:১০ পিএম
বাংলাদেশের মেয়েদের বিপক্ষে মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠেই আম্পায়ারদের ওপর মেজাজ দেখিয়েছিলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর। মাঠে স্টাম্প ভাঙার পর নাটকীয় টাইয়ের সেই ম্যাচে খেলা শেষে বিস্ফোরক মন্তব্য করেন হারমানপ্রীত। সিরিজ ড্র করার পর দুই দলের ফটোসেশনে বাংলাদেশের সঙ্গে আম্পায়ারদেরও ডেকে আনতে বলেন তিনি।
আরও পড়ুন : কোয়ালিফায়ারে মুশফিকের বাফালোর্স
যার শাস্তিটাও পেতে হয়েছে তাকে। আইসিসির আচরণবিধির দুটি ধারা ভঙ্গের দায়ে হারমানপ্রীতকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও পরবর্তী দুটি ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই শাস্তিতে খুশি হতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, হারমানপ্রীত যেই ধৃষ্টতা দেখিয়েছেন মাঠে তাতে আর্থিক শাস্তি হিসেবে ম্যাচ ফির পুরোটা জরিমানা করা যথাযথ হতো।
হারমানপ্রীতের এমন কাণ্ডের পর সব মহল থেকে নিন্দা জানানো হচ্ছে। ভারতের সাবেক ক্রিকেটাররাও বিষয়টাকে ভালোভাবে নেননি। আর এই বিষয়টিই পাকিস্তানের সামা টিভির ‘গেম সেট ম্যাচ’ অনুষ্ঠানে আফ্রিদির সামনে আনেন উপস্থিত সঞ্চালক। পুরো ঘটনা তুলে ধরলে আফ্রিদি বলেন, এখানে শাস্তি হওয়া উচিত। পরে এরই মধ্যে ৭৫ শতাংশ ম্যাচ ফি শাস্তি ঘোষণা হয়েছে জানালে আফ্রিদি ‘কম হয়ে গেছে’ বলে মন্তব্য করেন। এ বিষয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক যোগ করেন, ‘আমি ঘটনাটা দেখিনি। তবে আপনার কাছে যা শুনলাম তাতে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়, সঙ্গে ১-২টা ম্যাচ সাসপেন্ড।’
হারমানপ্রীতের মতো আচরণ মেয়েদের ক্রিকেটে নজিরবিহীন উল্লেখ করে আফ্রিদি এটিকে সীমা-ছাড়ানো বলেও অভিহিত করেন- ‘এ ধরনের ঘটনা আমরা অতীতেও দেখেছি। তবে মেয়েদের ক্রিকেটে এ ধরনের ঘটনা দেখা যায় না। এটা বাড়াবাড়ি হয়ে গেছে। এটা আইসিসির আয়োজনে বড় টুর্নামেন্ট ছিল। এই শাস্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করা হলো। ক্রিকেটে আগ্রাসী হওয়া যায়, কিন্তু নিয়ন্ত্রিত আগ্রাসনই ভালো। তবে এখানে ব্যাপারটা সীমা ছাড়িয়ে গেছে।’