প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১১:৩৩ এএম
জিম-আফ্রো টি-টেন লিগে ধারাবাহিক সাফল্য পাচ্ছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথম ওভারেই ডারবান ক্যালান্দার্সের দুই ব্যাটারকে ফেরান বুলাওয়ে ব্রেভসের তাসকিন। এরপর উইকেট পেয়েছেন আরও একটি। সব মিলিয়ে বল হাতে রঙিন একটা দিন পার করেছেন তাসকিন। তবে দিনশেষে আক্ষেপ তার দল বুলাওয়ে ম্যাচ হেরেছে ৭ রানে। আর এই হারেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিকান্দার রাজার দলের।
কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচে আগে ব্যাট করতে নামলেও ডারবানকে সুবিধা করতে দেয়নি তাসকিন। শুরুতেই হজরতউল্লাহ জাজাই ও টিম সেইফারর্টকে ফেরান এই গতি তারকা। এরপর আন্দ্রে ফ্লেচারকেও বেশি বাড়তে দেননি তিনি। এদিন ২ ওভার হাত ঘুরিয়ে ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তাসকিন।
তবে মাঝে আগ্রাসী ব্যাটিং চালিয়ে দলীয় শতরান পার করেন জর্জ লিন্ডে ও আসিফ আলি। আসিফ ২০ বল থেকে ৩২ রানে সাজঘরে ফিরলেও দলকে লড়াই করার অবস্থানে রেখে ইনিংস শেষ করে আসেন লিন্ডে। এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৮ রান। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৩ রান জমা করে ডারবান।
জবাবে ভালো শুরু পায়নি বুলাওয়ে। মাঝে দলকে লড়াইয়ের পথ দেখান সিকান্দার রাজা ও বেয়াও ওয়েবস্টের। তবে পারেননি কেউই। থিসারা পেরেরাও দলকে জেতাতে পারেননি। দলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪০ রান আসে ওয়েবস্টেরের ব্যাট থেকে। বুলাওয়ের ইনিংস থামে ৭ উইকেট খরচায় ৯৬ রানে। তাতে ৭ উইকেটে জয় পায় ডারবান।