প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২০:১৮ পিএম
প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফুটবলে খেলতে আসা জাম্বিয়া দাঁড়াতেই পারেনি শক্তিশালী স্পেনের বিপক্ষে। আফ্রিকার দেশটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনিয়ার্ডরা। এতেই নকআউট পর্বের টিকিট কাটা হয়ে গেছে দলটির। সমীকরণ মিলে যাওয়ায় সি গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে জাপান।
সি-গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্পেন। সমান খেলায় জাপানের পয়েন্ট ৬ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে। দুই ম্যাচের সবকটিতে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হওয়া কোস্টারিকা ও জাম্বিয়া পয়েন্ট শূন্য।
বুধবার ইডেন পার্কে ম্যাচের নবম মিনিটে লিড পায় স্পেন। জেনি হারমোসোর অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেরেসা অ্যাবেলিরা। চার মিনিট পর আলেক্সিয়া পুতেল্লাসের ক্রসে বল আদায় করে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হারমোসো।
বিরতির পর ৬৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ইভা নাভারোর বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ে বল জালে জড়ান আলবা রেদন্দো। খানিকপর হারমোসো ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ৮৫ মিনিটে জাম্বিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ম্যাচে রেদন্দো জোড়া গোলের মুখ দেখেন।