প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৮:৫৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৯:৪৮ পিএম
আগেরদিনে অপেক্ষায় থাকার আক্ষেপ করতে পারতেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক। সেটি অবশ্য প্রথমে ঘুচিয়ে দিয়েছেন সেঞ্চুরি করে, তারপর পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবলের দেখা। শফিকের দিনে পাকিস্তানকে রানপাহাড়ে চাপিয়েছেন আরেক সেঞ্চুরিয়ান আগা সালমান। ৫ উইকেট হারানো সফরকারীরা তৃতীয় দিনেই তাই বাড়িয়েছে শ্রীলঙ্কার উপর বড় চাপ।
কলম্বোর সিনহালেস স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে তৃতীয় দিনে ৯২ ওভার খেলা হয়েছে, সফরকারীরা এই সময়ে রান তুলেছে ওভারপ্রতি ৪.২৬ গড়ে। বৃষ্টির পেটে যাওয়া আগের দিনে ১৭৮ রানে থাকা পাকিস্তান এদিন যোগ করে আরও ৩৮৫ রান। ‘পাকবল’ নিয়ে আলোচনার টেস্টে ওয়ানডে স্টাইলে ব্যাটিংয়ে পাকিস্তান জমা করেছে ৫ উইকেট হারিয়ে ৫৬৩ রান। তৃতীয় দিন শেষে সফরকারীদের নামের পাশে ৩৯৭ রানের লিড। যা শ্রীলঙ্কার জন্য চাপের তো বটে, ইনিংসে হেরে যাওয়ার শঙ্কাও বেড়েছে।
বুধবার লঙ্কানদের সাফল্য এসেছে মোটে তিনটি, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা শফিকের উইকেট, বাবর এবং সৌদ শাকিলকে ফেরানো। রঙহারানো বোলিংয়ে এই তিন উদযাপনও রঙ হারিয়েছে। তবে ব্যাটিংয়ে দিন রঙিন করেছেন শফিক। ক্যারিয়ারের ১৪তম টেস্টের পঞ্চম টেস্ট শতকটি নিয়ে গেছেন দুইশ ছাড়িয়ে। ২৩ বর্ষী ব্যাটারের আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৬০ রান। পুরো দিনটা অবশ্য দাবি এখনও করতে পারেন শফিক, কিন্তু সেখানে বাগড়া দিয়েছেন আরেক সেঞ্চুরিয়ান আগা সালমান। ক্যারিয়ারের নবম টেস্টে একশ ছাড়িয়ে এখনও ব্যাট করছেন সালমান। আগামীকাল চতুর্থ দিনে পাকিস্তানের পাহাড়সম লিড় আরও চূড়ায় নিতে তিনি নামবেন ১৩২ রান থেকে। টেস্টে সালমানের ব্যাটে এটিই সর্বোচ্চ রান। ৩৯৭ থেকে লিড বাড়িয়ে নিতে সালমানের সঙ্গে আছেন মোহাম্মদ রিজওয়ান। সরফরাজ আহমেদের কনকাশন সাব হওয়া উইকেটরক্ষক ব্যাটার খেলবেন ৩৭ রান থেকে।
আরও পড়ুন :
কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে প্রথম দিনের দুপুরের মাঝে গুড়িয়ে দিয়ে পাকিস্তান খেলে ২৮.৩ ওভার, দুই ফিফটিতে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করে ১৪৫ রান। লঙ্কানদের ১৬৬ রানের জবাবে ২ উইকেট হারিয়ে দিন শেষে তারা পিছিয়ে থাকে ২১ রানে। দ্বিতীয় দিনে খেলার প্রায় পুরোটা যায় বৃষ্টির পেটে। তৃতীয় দিনে দাপট দেখায় ব্যাটে। চতুর্থ দিনে যোজন এগিয়ে থাকা পাকিস্তানও চাপ বাড়িয়েছে স্বাগতিকদের উপর।
এরআগে, ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ধুঁকতে ধুঁকতে থামে ১৬৬ রানে। ব্যাটিংয়ে পর বোলিংয়েও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। পাকিস্তানের ওপেনার শফিক ও শান মাসুদের ফিফটিতে খাবি খেয়েছে প্রবাদ জয়সুরিয়ারা। কলম্বোতে প্রথম দিন শেষে তাদের সাফল্য বলতে ছিল ইমাম-উল-হক ও মাসুদের উইকেট, দুইজনকেই ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন আশিথা ফার্নান্দো। আলোচনায় যখন ‘পাকবল’ ছিল, তখন পাকিস্তান খেলেছে ওয়ানডে স্টাইলে। দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে বৃষ্টি। প্রথম দিনে বোলিংয়ে আবরার-নাসিমের দাপটের পর তৃতীয় দিনে আধিপত্য দেখিয়েছে পাকিস্তানের ব্যাটাররা।
সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস—১৬৬/১০ (ডি সিলভা ৫৭, চান্দিমাল ৩৪, আবরার ৬৯/৪, নাসিম ৪১/৩)
পাকিস্তান : প্রথম ইনিংস—৫৬৩/৫ (শফিক ২০১, মাসুদ ৫১, সালমান ১৩২*, রিজওয়ান ৩৭*, আশিথা ১৩৩/৩, জয়সুরিয়া ১৮১/২)