প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২২:৪৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩ ২৩:২০ পিএম
নারী ফুটবল বিশ্বকাপে এবার চমক দেখাল ফিলিপাইন। অভিষিক্ত দলটি জয় ছিনিয়ে নিয়েছে বিশ্বকাপের সহ আয়োজক নিউজিল্যান্ডের বিপক্ষে। অঘটনের জন্ম দিয়ে ফিলিপাইনের কন্যারা জিতেছে ১-০ গোলে। মেয়েদের ফুটবল মহাযজ্ঞে এইটাই তাদের প্রথম জয়।
আরও পড়ুন : পাকিস্তান ক্রিকেটে আবারও কাজ করবেন মিসবাহ
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হার মেনেছিল ফিলিপাইন। দ্বিতীয় ম্যাচে এসেই মিলল কাঙ্ক্ষিত জয়। শিষ্যদের এমন জয়ে বেজায় খুশি কোচ অ্যালেন স্তাজচিচ। তার দৃষ্টিতে ফিলিপাইনের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জয় এটি।
স্তাজচিচ বলেন, ‘বিশ্বকাপে আয়োজক দেশকে আপনি কিভাবে হারাবেন? এটা নাম্বার ওয়ান (জয়)। মাঠ ছাড়ার সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রায় সবাই কাঁদছিল। এটা অবিশ্বাস্য।’
অন্যদিকে সুইজারল্যান্ডের সঙ্গে গোল শূন্য (০-০) ড্র করে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে টিকে রইল সাবেক চ্যাম্পিয়ন নরওয়ে। আশা জিইয়ে রইলেও নরওয়ে রয়েছে ‘এ’ গ্রুপের তলানিতে।
দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। পেনাল্টি থেকে কলম্বিয়াকে এগিয়ে নেন ক্যাটালিনা উসমে। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন টিনেজার লিন্ডা কাইসেডো।